ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সংবিধান মেনেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শপথ নিয়েছেন: আইনমন্ত্রী

সংবিধান মেনেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শপথ নিয়েছেন: আইনমন্ত্রী
×

সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ | ২১:০৪ | আপডেট: ২৫ আগস্ট ২০২৬ | ২১:৪৬

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকার সংবিধান মেনেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে নিয়োগ দিয়েছে। তবে তার দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা, সে বিষয়ে সরাসরি উত্তর দেননি তিনি। 

আজ মঙ্গলবার সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সমঝোতা স্মারক সই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

আসাদুজ্জামান বলেন, প্রথম কথা হলো, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয় কথা হলো, এই সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে, এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি। এটাকে বলে ডিমিং ক্লজ। যখন শপথ দেওয়া হয়েছে, সেটা সাংবিধানিকভাবেই দেওয়া হয়েছে।

গত ২১ আগস্ট টেকনোক্র্যাট হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিয়োগ পাওয়া প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে বলে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে সাংবাদিকরা তার ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করেছিলেন। তিনি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা, এমন এক প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির পাল্টা প্রশ্ন করেছিলেন, এ নিয়ে কে নিউজ করেছে, কার এত জ্বালা?

এর আগে গত শুক্রবার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির। গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার দায়িত্বে ছিলেন তিনি।

দেশের সুবিধাবঞ্চিত নারী, শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা, পুনর্বাসন, ন্যায়বিচার প্রাপ্তি এবং সমন্বিত সেবা নিশ্চিত করতে আন্তপ্রাতিষ্ঠানিক সহযোগিতার অংশ হিসেবে মঙ্গলবার এক ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সমাজসেবা অধিদপ্তর’, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ‘মহিলাবিষয়ক অধিদপ্তর’ এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ‘বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর’-এর মধ্যে এ সমঝোতা স্মারক সই হয়।

এ সময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, সমাজকল্যাণ সচিব মোহাম্মদ আবু ইউছুফ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন এবং আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা।

আরও পড়ুন

×