ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ইসলামী ব্যাংক

১৪১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জাবেদসহ ২৯ জনের বিরুদ্ধে তিনটি মামলা করবে দুদক

১৪১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জাবেদসহ ২৯ জনের বিরুদ্ধে তিনটি মামলা করবে দুদক
×

ছবি- সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ | ২৩:১১ | আপডেট: ২৬ আগস্ট ২০২৬ | ০১:১৯

ঋণের নামে ইসলামী ব্যাংকের ১৪১ কোটি ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার কমিশন এসব মামলা দায়েরের অনুমোদন দিয়েছে। সংশ্লিষ্ট অনুসন্ধান কর্মকর্তারা বৃহস্পতিবার মামলা করবেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম মঙ্গলবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র তৈরি করে পরস্পর যোগসাজসে ইসলামী ব্যাংকের চট্টগ্রামের জুবলী রোড শাখা থেকে ঋনের নামে ওই পরিমাণ অর্থ আত্মসাত করা হয়।

দুদক জানায়, সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন প্রতিষ্ঠান আরামিট সিমেন্ট কোম্পানি সিমেন্টের কাচামাল ক্রয়ের ভুয়া বিল-ভাউচার দাখিল করে কোনো ধরনের ক্রয়-বিক্রয় না করে মোট ৫শ' কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এর মধ্য ২৭টি লেনদেনের (ডিল) মাধ্যমে ঋনের নামে ১৪১ কোটি ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগের অনুসন্ধান এরই মধ্যে শেষ হয়েছে। এ ক্ষেত্রে তিনটি মামলা অনুমোদনের সুপারিশ করা হলে কমিশন তিনটিরই অনুমোদন দেয়।    

মামলা তিনটি কমিশনের চট্টগ্রাম-১ কার্যালয়ে রুজু করা হবে। আসামীদের বিরুদ্ধে ওই টাকা উত্তোলন করে বিভিন্ন ব্যাংক হিসাবে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পাচারের অভিযোগ রয়েছে।

দুদকের অনুসন্ধানে জানা গেছে, গত ২০১৮ সালের ২০ মার্চ ইসলামী ব্যাংকের জুবলী রোড শাখার গ্রাহক আরামিট সিমেন্ট কোম্পানির নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আগ্রাবাদ শাখার কামাল বাজার শাখার গ্রাহক ইম্পেরিয়াল ট্রেডিংয়ের হিসাবে ১টি ডিলের মাধ্যমে ৫৭ কোটি ৬০ লাখ টাকা স্থানান্তর করা হয়। এই অভিযোগে জাবেদসহ ১৬ জনের বিরুদ্ধে প্রথম মামলাটি দায়ের করবেন কমিশনের ঢাকাস্থ প্রধান কার্যালয়ের উপসহকারি পরিচালক সজিব আহমেদ।

গত ২০১৮ সালের ৪ এপ্রিল থেকে ২০১৯ সালের ২৬ ডিসেম্বর ইসলামী ব্যাংকের একই শাখা থেকে একই গ্রাহকের নামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কামাল বাজার শাখার গ্রাহক ইম্পেরিয়াল ট্রেডিংয়ের নামে ১৭টি ডিলের মাধ্যমে ৪১ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা স্থানান্তর করে আত্মসাত করা হয়। এই অভিযোগে জাবেদসহ ১৬ জনের বিরুদ্ধে দ্বিতীয় মামলাটি রুজু করবেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান।

গত ২০২০ সালের ৬ আগষ্ট থেকে ২০২১ সালের ২৮ মার্চ ইসলামী বাংকের জুবলী রোড শাখার গ্রাহক আরামিট সিমেন্টের আবেদনে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চট্টগ্রামের সদরঘাট শাখার গ্রাহক ইম্পেরিয়াল ট্রেডিংয়ের নামে ১টি ডিলের মাধ্যমে গ্রাহকের ৪২ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাত করা হয়। এই অভিযোগে দুদকের প্রধান কার্যালয়ের সহকারি পরিচালক মোহা. শোয়েব ইবনে আলম বাদি হয়ে জাবেদসহ ২০ জনের বিরুদ্ধে আরও একটি মামলা করবেন।

২৯ জনের বিরুদ্ধে যে তিনটি মামলা করা হবে সেগুলোর আসামীদের মধ্যে রয়েছেন, জাবেদের স্ত্রী আরামিট সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক রুকমীলা জামান, আরামিট সিমেন্টের চিফ ফাইন্যান্সশিয়াল অফিসার মোহাম্মদ শাহ্ আলম, ইম্পেরিয়াল ট্রেডিংয়ের মালিক মো. আবদুল আজীজ, আরামিট সিমেন্টের এজিএম একেএম মারুফ, ইসলামী ব্যাংক রিলেশনশিপ অফিসার মো. জাকির হোসেন, প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আব্দুল হক, ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ মুহাম্মদ তানভীর হাসান, ইনভেস্টমেন্ট ইনচার্জ মো. আবদুল কাদের, ম্যানেজার অপারেশন মো. মিজানুর রহমান ভূঁইয়া, ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মুহাম্মদ আবদুল করিম, জুনিয়র অফিসার মোহাম্মদ জামাল উদ্দীন, এফএভিপি ও ম্যানেজার অপারেশন মুহাম্মদ নিজাম উদ্দীন, প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ রাশেদ সালাত, সিনিয়র অফিসার আকতারুল আজীম, প্রিন্সিপাল অফিসার মো. মহিউদ্দীন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. শহিদুল্লাহ প্রমুখ।

আরও পড়ুন

×