ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

মহিলা পরিষদের তথ্য

আগস্টে নির্যাতিত ২৫২ নারী ও কন্যা, হত্যার শিকার ৫৫ জন

আগস্টে নির্যাতিত ২৫২ নারী ও কন্যা, হত্যার শিকার ৫৫ জন
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ০১:২৫

সদ্য সমাপ্ত আগস্ট মাসে সারাদেশে ২৫২ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। তাদের মধ্যে ১১৮ জন কন্যা ও ১৩৪ জন নারী। নির্যাতিতদের মধ্যে ১০ কন্যা, ৪৫ নারীসহ ৫৫ জন হত্যার শিকার হয়েছেন। এর মধ্যে ২৬ জন নারী ও শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ মহিলা পরিষদ প্রকাশিত ‘নারী ও কন্যা নির্যাতনবিষয়ক তথ্য (আগস্ট ২০২৬)’ শীর্ষক এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এই প্রতিবেদনে বলা হয়েছে, মহিলা পরিষদের লিগ্যাল এইড উপপরিষদ দেশের ১৫টি জাতীয় দৈনিক পত্রিকা ও দুটি অনলাইন পত্রিকায় প্রকাশিত ঘটনার সংরক্ষিত তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

প্রতিবেদনে বলা হয়, আগস্টে নির্যাতিতদের মধ্যে ৩৬ কন্যা, ১৮ নারীসহ মোট ৫৪ জন ধর্ষণের শিকার হয়েছেন। আর আট কন্যাশিশুসহ ১৩ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে এক কন্যাসহ দুইজন। ১১ জন কন্যাসহ ১৪ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

এতে আরও বলা হয়, এই সময়ে যৌন সহিংসতার শিকার হয়েছে ২৪ কন্যাসহ ৩০ জন। এর মধ্যে ১২ কন্যাসহ ১৪ জন যৌন নিপীড়নের শিকার হয়েছেন। আট কন্যাসহ ৯ জন উত্ত্যক্তকরণ এবং চার কন্যাসহ সাতজন সাইবার সহিংসতার শিকার হয়েছেন। একজনকে হত্যার চেষ্টা করা হয়েছে।

মহিলা পরিষদের হিসেবে, গত মাসে তিনজন কন্যাসহ ১৪ জন আত্মহত্যা করেছেন। যার মধ্যে আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছেন একজন। অগ্নিদগ্ধের শিকার হয়েছেন তিনজন, যার মধ্যে অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে দুজনের। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ছয়জন। এর মধ্যে তিনজনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এই সময় পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন দুজন। তিন কন্যাসহ পাঁচ গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে হত্যার শিকার হয়েছেন চারজন। দুজন কন্যা অপহরণের শিকার হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে ১৫ জন কন্যাসহ ২৮ জনকে। পাঁচজনের বাল্যবিবাহের চেষ্টার ঘটনা ঘটেছে। এ ছাড়াও ছয়জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে। 

আরও পড়ুন

×