ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের গণমাধ্যম ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশের গণমাধ্যম ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে: তথ্য প্রতিমন্ত্রী
×

ছবি : ভিডিও থেকে নেওয়া

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ২০:২১ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৩৮

২০২৬ সালের আন্তর্জাতিক গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। সূচকে বাংলাদেশ ১৫২তম, পাকিস্তান ১৫৩তম এবং ভারত ১৫৭তম অবস্থানে রয়েছে।

বুধবার জাতীয় সংসদে ফেনী-২ আসনের সরকারি দলের সদস্য জয়নাল আবদিনের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান। তাঁর পক্ষে সংসদে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।

প্রতিমন্ত্রী বলেন, ২০২৬ সালের আন্তর্জাতিক গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান ১৫২তম। অন্যদিকে পাকিস্তান ১৫৩তম এবং ভারত ১৫৭তম অবস্থানে রয়েছে। ফলে সূচকের হিসাবে বাংলাদেশ ভারত ও পাকিস্তানের তুলনায় কিছুটা এগিয়ে।

তবে কোনো দেশের সঙ্গে তুলনা করে নয়, সংবিধানের ৩৯ অনুচ্ছেদে স্বীকৃত মতপ্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা সমুন্নত রেখে স্বাধীন, দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও পেশাদার গণমাধ্যম ব্যবস্থা প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানান তিনি।

এ লক্ষ্যে স্বাধীন ও শক্তিশালী জাতীয় গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, গণমাধ্যমকে আরও সুসংহত করতে জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ যুগোপযোগী করার পাশাপাশি সম্প্রচার আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার কার্যক্রমও জোরদার করা হচ্ছে।

অপতথ্য, গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে তথ্য যাচাই এবং জনসচেতনতামূলক কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে জানিয়ে ইয়াসির খান চৌধুরী বলেন, সাংবাদিকতার পেশাগত মান, নৈতিকতা ও জবাবদিহিতা বাড়াতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতার মধ্যে সমন্বয় করে শক্তিশালী, বহুমাত্রিক ও জনকল্যাণমুখী গণমাধ্যম পরিবেশ গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের মূল লক্ষ্য গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা নয়; বরং গণমাধ্যমের স্বাধীন, নিরাপদ, দায়িত্বশীল ও পেশাদার বিকাশের অনুকূল পরিবেশ নিশ্চিত করা।

আরও পড়ুন

×