ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
×

ফাইল ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৫৬

দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এ ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর আজ মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নারায়ণগঞ্জে, ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। ভোর ৬টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।

এদিকে, ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে খুলনার কয়রায়।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। আগামীকাল বুধবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৩ মিনিটে।

আরও পড়ুন

×