ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
×

ছবি: বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৩৪ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৩৬

সাভারের আশুলিয়ায় অবস্থিত ‘ড্যাফোডিল স্মার্ট সিটি’ ক্যাম্পাসে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ‘ফল-২০২৬’ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে দিনব্যাপী এক বর্ণাঢ্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রম এবং বিভিন্ন সুযোগ-সুবিধার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। 

পবিত্র কোরআন ও গীতাপাঠ এবং জাতীয় সংগীত ও বিশ্ববিদ্যালয়ের থিম সং পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ও সাবেক অধিনায়ক মোহাম্মদ মুশফিকুর রহিম। ডিআইইউর অফিস অব দ্য স্টুডেন্টস অ্যাফেয়ার্সের উপদেষ্টা অধ্যাপক ড. এ.বি.এম. কামাল পাশার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. আর. কবির। এছাড়া বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান ভিডিও বার্তার মাধ্যমে নবীনদের স্বাগত ও শুভেচ্ছা জানান।

এর আগে সকালে বিএনসিসি, এয়ার রোভার স্কাউট ও শিক্ষার্থী স্বেচ্ছাসেবকরা ফুল ও স্মারক দিয়ে নবীনদের স্বাগত জানান। এ সময় ডিআইইউর বিভিন্ন ক্লাব, আন্তর্জাতিক বিষয়ক দপ্তর, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার, এইচআরডিআই, অ্যাডমিশন.এসি, স্কিল.জবস, গোএডু ও ডিআইএলসি-এর বুথের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন সেবা সম্পর্কে ধারণা দেওয়া হয়। 

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সফল অ্যালামনাইদের অভিজ্ঞতা বিনিময় পর্ব। এতে এসএসএলকমার্সের কি অ্যাকাউন্ট ম্যানেজার ও সিএসই বিভাগের অ্যালামনাই প্রিয়া রানী দে, এসিআই মোটরস লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও জেএমসি বিভাগের অ্যালামনাই মো. ফরহাদ হোসাইন, মিয়াকি মিডিয়া লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার  ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অ্যালামনাই মো. সাজ্জাদুর রহমান শাওন এবং সানপাওয়ার টেকনোলজির প্রতিষ্ঠাতা ও সিইও এবং ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যালামনাই ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিম অংশ নেন। তারা নবীনদের সঙ্গে তাদের শিক্ষাজীবন, কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এছাড়া ‘মিট দ্য অ্যাচিভার্স’ পর্বে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয় এবং ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আনুষ্ঠানিক পর্ব শেষে ড্যাফোডিল স্মার্ট সিটির নলেজ টাওয়ারের সামনে ফটোশুট এবং বিকেলে স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যাশা, অফিস অব দ্য স্টুডেন্টস অ্যাফেয়ার্স আয়োজিত এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে এবং ভবিষ্যৎ ক্যারিয়ারের লক্ষ্যে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সংবাদ বিজ্ঞপ্তি। 

আরও পড়ুন

×