ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

হেইলিবারি ভালুকা ও কেমব্রিজের যৌথ আয়োজন

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সেফগার্ডিং লিডারশিপ সামিট-২০২৬’

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সেফগার্ডিং লিডারশিপ সামিট-২০২৬’
×

সাইমন ও’গ্রেডি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:১৫ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:১৬

বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিশু সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার মানদণ্ড আরও শক্তিশালী করার লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সেফগার্ডিং লিডারশিপ সামিট-২০২৬’। হেইলিবারি ভালুকা এবং কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট-এর যৌথ আয়োজনে আগামী ১৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় রাজধানীর লা মেরিডিয়ানের স্কাই বলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

দেশের শিক্ষা খাতে একটি গুরুত্বপূর্ণ জাতীয় আয়োজন হিসেবে বিবেচিত এই সম্মেলনে বিভিন্ন প্রান্ত থেকে ঊর্ধ্বতন নীতিনির্ধারক, স্কুল নেতৃত্ব, শিক্ষক, শিক্ষাবিদ এবং সেফগার্ডিং বিশেষজ্ঞরা একত্রিত হবেন। শিশুদের জন্য আরও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং সম্মিলিত উদ্যোগের ওপর সম্মেলনে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। 

বাংলাদেশের প্রেক্ষাপটে আন্তর্জাতিক সেফগার্ডিং মানদণ্ডকে বাস্তবসম্মত ও কার্যকর নির্দেশনায় রূপ দেওয়ার লক্ষ্যে কেমব্রিজ বাংলাদেশের প্রতিনিধিদল সম্মেলনের আলোচ্যসূচি ও বিষয়বস্তু প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের এ উদ্যোগ বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় শিক্ষার মান, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে কেমব্রিজের চলমান অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে।

সম্মেলনটির নেতৃত্ব দিচ্ছেন হেইলিবারি ভালুকার ফাউন্ডিং হেডমাস্টার সাইমন ও’গ্রেডি, যিনি বাংলাদেশের স্কুলগুলোতে সেফগার্ডিং বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং এর মানোন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।

সম্মেলন প্রসঙ্গে সাইমন ও’গ্রেডি বলেন, ‘এ সম্মেলনের লক্ষ্য হলো বাংলাদেশের প্রতিটি স্কুলের প্রতিটি শিশুর জন্য এমন একটি পরিবেশ নিশ্চিত করা, যেখানে তাদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। সরকার, আন্তর্জাতিক বিশেষজ্ঞ এবং স্কুল নেতৃত্বকে এক ছাতার নিচে নিয়ে আসার মাধ্যমে আমরা দেশজুড়ে সুরক্ষা নিশ্চিত করার একটি প্রকৃত সংস্কৃতি গড়ে তোলার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারব বলে আশা রাখছি।’ 

তার নেতৃত্বে আয়োজিত এ সম্মেলনের লক্ষ্য হলো বাংলাদেশের শিক্ষা খাতে শিশু সুরক্ষাকে আরও সুসংগঠিত ও কার্যকর করার জন্য বিভিন্ন অংশীজনের মধ্যে সংলাপ ও সহযোগিতার সুযোগ তৈরি করা।

সম্মেলনের মাধ্যমে বিদ্যালয়গুলোতে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় নেতৃত্ব, নীতি, প্রক্রিয়া ও সর্বোত্তম চর্চা নিয়ে আলোচনা হবে এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো চিহ্নিত করা হবে।

‘সেফগার্ডিং লিডারশিপ সামিট ২০২৬’ বাংলাদেশের শিক্ষা খাতে শিশুদের নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণকে আরও শক্তিশালী করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আয়োজকেরা আশা করছেন। সংবাদ বিজ্ঞপ্তি। 

আরও পড়ুন

×