আইনি প্রক্রিয়ার বাইরে বই সরাবে না ইউপিএল
শোরুমে হামলা, তালা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:১৮ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:০৪
| প্রিন্ট সংস্করণ
আদালত আইন অনুযায়ী নিষিদ্ধ না করা পর্যন্ত ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির প্রকাশনা ও বিপণন বন্ধ করবে না ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)। প্রকাশনা সংস্থাটি বলেছে, কোনো বই নিষিদ্ধ করার ক্ষেত্রে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। যথাযথ কর্তৃপক্ষ আইন মেনে কোনো সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত কোনো চাপ বা হুমকির মুখে বই বিক্রি বন্ধ করার প্রশ্ন নেই। সোমবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীকে নিষিদ্ধ বই দাবি করে বিপণন বন্ধের দাবিতে রাজধানীর বাংলাবাজারে ইউপিএলের শোরুমে হামলা, তালা দেওয়া ও কর্মীদের হয়রানির অভিযোগের পর দেওয়া এক বিবৃতিতে এ অবস্থান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ইউপিএল বলেছে, সোমবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে কয়েকজন ব্যক্তি সংস্থাটির বাংলাবাজারের শোরুমে গিয়ে অসমাপ্ত আত্মজীবনী বইটি নিষিদ্ধ বলে দাবি করেন এবং এর বিক্রি বন্ধের কথা বলেন। এক পর্যায়ে শোরুমের শাটার গেট নামিয়ে দেওয়া হয়। সেখানে থাকা ইউপিএলের দুই বিক্রয়কর্মীকে ফরিদাবাদ পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। ইউপিএলের পক্ষ থেকে তখনই জানানো হয়, বইটি নিষিদ্ধ নয়।
ঘটনার পর ইউপিএলের সম্পাদনা বিভাগের পরিচালক ফিরোজ আহমেদ প্রতিষ্ঠানটির অবস্থান তুলে ধরেন। মঙ্গলবার সকালে লিখিত বার্তার মাধ্যমেও একই অবস্থান পুনর্ব্যক্ত করা হয়। ইউপিএল বলেছে, আইনগত কোনো নিষেধাজ্ঞা না থাকা পর্যন্ত এবং নির্দিষ্ট আইনি প্রক্রিয়া ছাড়া কোনো ধরনের চাপের ভিত্তিতে তারা বইটি বাজার থেকে সরিয়ে নেবে না।
প্রকাশনা সংস্থাটির মতে, অসমাপ্ত আত্মজীবনী বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি একাডেমিক দলিল। কোনো বইয়ে ফৌজদারি অপরাধের উস্কানি না থাকলে তার প্রকাশনা ও বিপণনে বাধা দেওয়া জ্ঞানচর্চা ও সংস্কৃতির বিকাশের জন্য ক্ষতিকর।
ইউপিএল একই সঙ্গে প্রকাশনা শিল্পে ‘গুন্ডামির রাজত্ব’ তৈরি না করার আহ্বান জানিয়েছে। এ ধরনের পরিস্থিতিতে দেশের লেখক, পাঠক, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃত্বসহ সর্বস্তরের মানুষকে একাডেমিক প্রকাশনার পাশে দাঁড়ানোর অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি। অবৈধ তৎপরতা কঠোরভাবে দমনে সরকার ও প্রশাসনের প্রতিও আহ্বান জানিয়েছে তারা।
ইউপিএলের শোরুমের ঘটনার পর প্রকাশনা সংস্থা আদর্শও প্রতিষ্ঠানটির পাশে দাঁড়িয়েছে। গতকাল এক বিবৃতিতে আদর্শের প্রকাশক মাহাবুব রহমান ঘটনাটিকে অগণতান্ত্রিক হিসেবে উল্লেখ করে আইনত নিষিদ্ধ নয় এমন বই প্রকাশ, বিপণন ও পাঠের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান।
মাহাবুব রহমান বিবৃতিতে বলেন, কোনো বইয়ের বক্তব্যের সঙ্গে একমত বা দ্বিমত হওয়ার বিষয়টি আলাদা; কিন্তু আইনিভাবে নিষিদ্ধ নয় এমন বই প্রকাশ বা বিক্রি বন্ধ করতে অনানুষ্ঠানিক চাপ ও ভয়ভীতি প্রদর্শন জ্ঞানভিত্তিক সমাজের জন্য বিপজ্জনক দৃষ্টান্ত। তিনি জানান, ২০২৩ সালের একুশে বইমেলায় আদর্শের তিনটি বইকে কেন্দ্র করে স্টল বরাদ্দ না দেওয়ার ঘটনায় প্রকাশনার স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছিল ইউপিএল। সেই নীতিগত অবস্থান থেকে এবার ইউপিএলের পাশে দাঁড়িয়েছে আদর্শ।
ঘটনার নিরপেক্ষ তদন্ত করে বেআইনি কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে আদর্শ। পাশাপাশি প্রকাশক, বই বিক্রেতা ও প্রকাশনা কর্মীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।