‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিতে বাধা: সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের নিন্দা
সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:২৪
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রিতে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেছেন, বইটি নিষিদ্ধ নয়। বই বিক্রিতে বাধা দেওয়া, প্রকাশনা সংস্থা ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা দেওয়া এবং দুই কর্মীকে তুলে নেওয়ার ঘটনা বেআইনি ও অপরাধমূলক।
মঙ্গলবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। একই সঙ্গে এ বিষয়ে সরকারের উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে আসিফ নজরুল লেখেন, ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি বিক্রয়ে বাধা প্রদানের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই বইটি কোনো নিষিদ্ধ বই নয়। বইটি বিক্রয়ে বাধা প্রদান, প্রকাশনা সংস্থা ইউপিএল-এর বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা দেওয়া এবং এর দুজন কর্মীকে তুলে নেওয়া বেআইনি ও অপরাধমূলক কাজ। সরকারকে এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।
আসিফ নজরুল বলেন, শেখ হাসিনার সরকারের সময়ও এভাবে বই বিক্রিতে বাধা দেওয়া এবং বই নিষিদ্ধ করার ঘটনা ঘটেছে। তখন এসব ঘটনার প্রতিবাদ করা হয়েছিল। এখন একই ধরনের কাজের পুনরাবৃত্তি করে প্রকৃতপক্ষে শেখ হাসিনাকেই অনুসরণ করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, এতে মুক্তচিন্তার মানুষের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি হচ্ছে।
এর আগে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে সোমবার বিকেলে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে হট্টগোলের ঘটনা ঘটে। ইউপিএলের ভাষ্য অনুযায়ী, কয়েকজন ব্যক্তি বইটি নিষিদ্ধ দাবি করে বিক্রি বন্ধের জন্য চাপ দেন। একপর্যায়ে বিক্রয়কেন্দ্রের শাটার নামিয়ে তালা দেওয়া হয় এবং দুই কর্মীকে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
- বিষয় :
- অসমাপ্ত আত্মজীবনী
- আসিফ নজরুল