প্রধানমন্ত্রীর বাসভবনের ছাদে সৌর প্যানেল থেকে বিদ্যুৎ গেছে জাতীয় গ্রিডে: মীর শাহে আলম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬ | ২২:৫৮ | আপডেট: ০৩ অক্টোবর ২০২৬ | ২৩:০২
রাজধানীর গুলশানে নিজের বাসভবনের ছাদে সৌর প্যানেল বসিয়ে গত তিন দিনে ২ হাজার ২০০ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে ১ হাজার ইউনিট তিনি নিজে ব্যবহার করেছেন। বাকি ১ হাজার ২০০ ইউনিট জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানিয়েছেন।
আজ রাজধানীর শেরেবাংলা নগরে সমবায় ভবনে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ডিডি (এলজি)-দের নিয়ে আয়োজিত ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা’য় তিনি এ তথ্য জানান। সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী উপস্থিত ছিলেন।
মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর বাসভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের এই উদ্যোগ অন্যদের জন্যও উদাহরণ তৈরি করেছে। সরকারি ভবনগুলোর ছাদও সৌরবিদ্যুৎ উৎপাদনে কাজে লাগাতে চায় সরকার।
তিনি বলেন, সমবায় ভবনসহ দেশের সব জাতীয় ভবনের ছাদ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা হবে। প্রথমে এসব ভবনের নিজস্ব চাহিদা মেটানো হবে। অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া হবে। বিদ্যুৎ উৎপাদনকে ব্যবসায়িকভাবেও দেখার কথা বলেন তিনি।উপজেলা পর্যায়ে সৌরবিদ্যুতের নেট মিটারিং নিয়েও প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমাধানে আসার কথা বলেন প্রতিমন্ত্রী।
সভায় দুর্গাপূজা সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও ইউএনওদের সতর্ক থাকার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ সময় পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে। মাঠপর্যায়ে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা হতে দেওয়া যাবে না।
স্থানীয় সরকার নির্বাচন নিয়েও ইউএনওদের দায়িত্বশীল ভূমিকার কথা তুলে ধরেন মীর শাহে আলম। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ইউএনওদের সর্বশক্তি নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। এ কাজে সরকার তাদের সর্বাত্মক সহযোগিতা করবে।
আগের সরকারের সময়ে সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়ে অনেক কর্মকর্তা চাকরি হারিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, বিএনপি সরকার কর্মকর্তাদের দিনের ভোট রাতে নেওয়া বা ডামি নির্বাচন করার মতো কোনো নির্দেশ দেবে না।
রাজধানীর মিরপুরে রাড্ডা সেন্টারের ঘটনার প্রসঙ্গও সভায় তোলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ওই ঘটনায় উত্তরের কমিটি বাতিল করা হয়েছে। সংশ্লিষ্ট সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এমপির ব্যক্তিগত দায় সরকার নেবে না বলেও জানান তিনি।