সাড়ে ৭ কোটি টাকার ওষুধ চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার ৪
গ্রেপ্তার লি ফেন, বকুল নাহার, ইউনুস আলী, সজীব হাওলাদার।
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ১৭:২১ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ | ১৭:২৬
ক্যান্সারসহ জটিল ও দুরারোগ্য রোগের চিকিৎসায় ব্যবহৃত প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ওষুধ চোরাচালানের অভিযোগে এক চীনা নাগরিকসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)।
গত বুধবার সন্ধ্যায় রাজধানীর উত্তরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় বিপুল পরিমাণ ওষুধের পাশাপাশি নগদ ৬ লাখ ৬ হাজার ১৪০ টাকা জব্দ করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন– চীনা নাগরিক লি ফেন (৩৪), রংপুরের বকুল নাহার বীথি (২৪), সাতক্ষীরার ইউনুস আলী (২৬) ও পটুয়াখালীর সজীব হাওলাদার (২৮)।
আজ বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান এসআরবি-৩ এর অধিনায়ক লে. কর্ণেল ফায়েজুল আরেফীন।
ফায়েজুল আরেফীন বলেন, চীনা নাগরিক লি ফেন ২০২৪ সালের আগস্টে ৩০ দিনের টুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার দুই-তিন দিন আগে তিনি চীনে ফিরে যেতেন। এরপর এক-দুই দিনের মধ্যে আবার টুরিস্ট ভিসায় বাংলাদেশে আসতেন। বকুল নাহার বীথি ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চীনের হুনান নরমাল ইউনিভার্সিটিতে ব্যবসায় প্রশাসনে পড়াশোনা করেন। এ সময় তিনি চীনা ভাষা শেখেন। পরে বাংলাদেশে ফিরে বিভিন্ন চীনা নাগরিকের দোভাষী হিসেবে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন। গ্রেপ্তাররা বাংলাদেশ থেকে অবৈধভাবে বিদেশে ওষুধ পাঠানো এবং সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে পাচার করতেন।
এসআরবি-৩ এর অধিনায়ক জানান, এই চক্র তুলনামূলক কম দামে বাংলাদেশ থেকে ওষুধ সংগ্রহ করে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনামসহ বিশ্বের বিভিন্ন দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাত। বিশেষ করে ক্যান্সারসহ বিভিন্ন জটিল ও দুরারোগ্য রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ বিদেশে পাচার করা হতো। প্রতিটি কার্টনে ২৪ থেকে ২৫ কেজি ওষুধ ভরে পাঠানো হতো বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।
তিনি আরও জানান, গত ১৩ অক্টোবর লাওসের কাস্টমস কর্তৃপক্ষ কুরিয়ারে পাঠানো ১০০ কেজি ওজনের একটি ওষুধের চালান বৈধ কাগজপত্র না থাকায় জব্দ করে। এ ঘটনায় সংশ্লিষ্ট চক্রের ওষুধ রপ্তানির কার্যক্রম সামনে আসে। এ ছাড়া বিভিন্ন ওষুধ কোম্পানির কিছু অসাধু কর্মচারী অধিক মুনাফার আশায় চক্রটির সঙ্গে অবৈধভাবে ওষুধ সরবরাহ করছিলেন বলে অভিযোগ রয়েছে।
অভিযানে জব্দ করা ওষুধের ধরন ও পরিমাণ এবং চক্রের সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের বিষয়ে তদন্ত চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া বলেও জানিয়েছে এসআরবি।
- বিষয় :
- গ্রেপ্তার