আলোচনা সভায় অর্থমন্ত্রী
সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে কর ছাড় দেওয়া হয়েছে
আমির খসরু মাহমুদ চৌধুরী
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ০৮:৪০
| প্রিন্ট সংস্করণ
সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতেও কর ছাড় ও প্রণোদনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বাসাবাড়ি ও শিল্পপ্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনে উৎসাহ দেওয়া হচ্ছে। এসব প্যানেলে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ স্বাভাবিক ট্যারিফের চেয়ে বেশি দামে কিনে নেওয়ার ব্যবস্থাও করা হয়েছে।
গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) আয়োজিত ‘সাসটেইনেবল পাওয়ার অ্যান্ড এনার্জি: ড্রাইভিং ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এসব পরিকল্পনার কথা জানান মন্ত্রী।
তিনি আরও বলেন, আগের সরকারের কাছ থেকে পাওয়া রাজস্ব ঘাটতি, ব্যাংক খাতের বিশৃঙ্খলা ও বিদেশে ডলার পাচারের মতো সংকট মোকাবিলা করছে বর্তমান সরকার। জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নীতি প্রণয়ন ও বাস্তবায়ন– এই দুই ভাগে বিভক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে নীতিনির্ধারণে স্বার্থের সংঘাত ও দুর্নীতি কমবে বলে আশা করা হচ্ছে।
ব্যাংক খাত ও পুঁজিবাজার পুনর্গঠনের পাশাপাশি ব্যবসার ব্যয় কমাতে নিয়ন্ত্রণ শিথিলের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আলোচনা সভায় প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ং, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তামিম, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ এবং এফবিসিসিআইর প্রশাসক ফজলুল হক। এ ছাড়া দেশি-বিদেশি বিনিয়োগকারী, ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা অংশ নেন।
- বিষয় :
- আমির খসরু মাহমুদ চৌধুরী