সিপিবি কার্যালয়ে হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে: জাহেদ উর রহমান
আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কথা বলেন। ছবি: বাসস
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ | ১৮:১৮
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ে হামলার ঘটনায় সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, এটি ফৌজদারি অপরাধ। এ ধরনের অপরাধের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ব্রিফিংয়ে এক সাংবাদিক দেশে মব সহিংসতা অব্যাহত থাকা এবং সোমবার রাতে সিপিবির কার্যালয়ে হামলার প্রসঙ্গ তুলে ধরে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না, তা জানতে চান।
জবাবে তথ্য উপদেষ্টা বলেন, অপরাধ সংঘটিত হওয়ার আগেই তা প্রতিরোধে সরকারের বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থা কাজ করে। তাদের তৎপরতায় অনেক অপরাধ প্রতিরোধ করা সম্ভব হয়। তবে সব অপরাধ আগেভাগে ঠেকানো সম্ভব হয় না।
তিনি বলেন, ‘প্রত্যেকটা দেশে, বাংলাদেশের মতো দেশে স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগবে। অর্থনীতি থেকে শুরু করে আমাদের সব ব্যবস্থার মধ্যেও কিছু ঘটনা ঘটে যেতে পারে। আমি বলছি না, ঘটনা ঘটা উচিত। তবে ঘটে যেতে পারে। দেখার বিষয় হলো, সরকার সেখানে ব্যবস্থা নিচ্ছে কি না।’
সিপিবির কার্যালয়ে হামলা কিংবা হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িতে হামলার মতো প্রতিটি ঘটনায় সরকার ব্যবস্থা নিচ্ছে বলে দাবি করেন জাহেদ উর রহমান। তাঁর মতে, এ ধরনের অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে অপরাধপ্রবণতা কমে আসে।
সিপিবির কার্যালয়ে হামলার ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হবে, জানতে চাইলে তিনি বলেন, ‘নিশ্চয় নেবে, এটা ফৌজদারি অপরাধ, কেন নেবে না?’
সোমবার রাতে রাজধানীর পুরানা পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে এ হামলা চালানো হয় বলে জানা গেছে।
ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের নেতাকর্মীদের অভিযোগ, স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন।
- বিষয় :
- তথ্য উপদেষ্টা
- জাহেদ উর রহমান
- সিপিবি
- হামলা