জমি কিনতে যাওয়ার পথে অস্ত্র ঠেকিয়ে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই
টাকা ছিনতাইয়ের পর কান্নায় ভেঙে পড়েন সামশুন নাহার
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ | ১৯:৩৪
চট্টগ্রামের রাউজানে সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে অস্ত্রের মুখে এক নারীর ২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা রাজ চন্দ্রপাড়া এলাকায় ডিসি সড়কে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারীর নাম সামশুন নাহার (৫০)। তিনি পূর্ব গুজরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় ঠাকুরপাড়া এলাকার ইসমাইল সওদাগর বাড়ির বাসিন্দা।
সামশুন নাহার বলেন, জমি রেজিস্ট্রি করার জন্য টাকা নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে রাউজান সদর সাব-রেজিস্ট্রি কার্যালয়ে যাচ্ছিলেন তিনি। পথে দুটি মোটরসাইকেলে করে ছয়জন এসে তাদের অটোরিকশার গতিরোধ করেন। তাদের কাছে তিনটি আগ্নেয়াস্ত্র ছিল। অস্ত্রের মুখে তার ব্যাগে থাকা ২৫ লাখ টাকা, একটি মোবাইল ফোন, অটোরিকশাচালকের মোবাইল ফোন ও অটোরিকশার চাবি নিয়ে পালিয়ে যান তারা।
সামশুন নাহার জানান, তার কাছে মোট ২৭ লাখ টাকা ছিল। এর মধ্যে ২৫ লাখ টাকা ছিল একটি ব্যাগে, আর বাকি দুই লাখ টাকা ছিল জমির কাগজপত্রের ব্যাগে। ছিনতাইকারীরা ২৫ লাখ টাকা নিয়ে গেছেন। এ ঘটনায় তিনি রাউজান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সামশুন নাহারের ছেলে প্রবাসী মো. আরিফ বলেন, রাউজান পৌর সদরের চারাবটতল এলাকায় চার গণ্ডা জমি কেনার জন্য মালিকের সঙ্গে ৩২ লাখ টাকায় চুক্তি হয়েছিল। এর মধ্যে পাঁচ লাখ টাকা বায়না দেওয়া হয়। বাকি ২৭ লাখ টাকা নিয়ে মঙ্গলবার মা ও দলিল লেখক সাব-রেজিস্ট্রি কার্যালয়ে যাচ্ছিলেন। আমি এর আগেই মোটরসাইকেলে করে সাব-রেজিস্ট্রি কার্যালয়ে গিয়েছিলাম। পরে ছিনতাইয়ের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেপ্তারে প্রশাসনের সহযোগিতা চাই।
ঘটনার পাঁচ মিনিট পর সেখানে পৌঁছান স্থানীয় বাসিন্দা মো. জসিম উদ্দিন। তিনি বলেন, ‘আমি আসার পাঁচ মিনিট আগে এই ঘটনা ঘটেছে। এভাবে দিনদুপুরে ছিনতাই হলে আমাদের নিরাপত্তা কোথায়?’ তিনি ভুক্তভোগী নারীর টাকা উদ্ধারে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, টাকা ছিনতাইয়ের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। মামলার প্রক্রিয়া চলছে। ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।