চাল-আটায় পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ | ২০:২২
চাল ও আটা-ময়দায় পুষ্টি উপাদান যুক্ত করা বা ফর্টিফিকেশন বাধ্যতামূলক করতে দ্রুত আইন প্রণয়ন ও কার্যকর বিধিমালা তৈরির ওপর জোর দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে ফর্টিফিকেশন অ্যালায়েন্স অব বাংলাদেশ (এফএবি) আয়োজিত ‘কনভেনিং পার্টনারশিপ অন ফুড ফর্টিফিকেশন’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। এ সময় খাদ্যমন্ত্রীর উদ্দেশে চাল ও আটায় পুষ্টি উপাদান যুক্ত করার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, জনগণের কাছে পুষ্টিসমৃদ্ধ খাবার পৌঁছে দিতে সচেতনতা তৈরির পাশাপাশি আইনি বাধ্যবাধকতা জরুরি। লবণ ও ভোজ্যতেলে আয়োডিন ও ভিটামিন যুক্ত করার উদ্যোগ সফল হলেও চাল ও আটার ক্ষেত্রে তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
তিনি বলেন, দেশে প্রতিবছর প্রায় ৩ কোটি ৯২ লাখ মেট্রিক টন চাল উৎপাদিত হয়। অন্যদিকে চালের চাহিদা ৩ কোটি ২৫ লাখ থেকে ৩ কোটি ২৬ লাখ মেট্রিক টন। উৎপাদন ও মজুত পর্যাপ্ত থাকায় চালের ফর্টিফিকেশন বাস্তবায়নে সঠিক পরিকল্পনা ও সময়োপযোগী রূপরেখা প্রণয়ন সম্ভব।
প্রতিমন্ত্রী আরও বলেন, হাসপাতাল, এতিমখানা, শিশু সদন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রেশনসহ সরকারি বিভিন্ন খাদ্য সহায়তা কর্মসূচিতে সরবরাহ করা চাল ও আটায় পর্যায়ক্রমে ফর্টিফিকেশন বাধ্যতামূলক করা যেতে পারে।
খাদ্য নিরাপত্তা ও পুষ্টি কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাজের পরিধি ও পারস্পরিক সমন্বয় জোরদার করারও আহ্বান জানান তিনি।
- বিষয় :
- প্রতিমন্ত্রী