ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

চিকিৎসকের ওপর হামলাকে মব আখ্যা দিয়ে বিচার দাবি জামায়াতের

চিকিৎসকের ওপর হামলাকে মব আখ্যা দিয়ে বিচার দাবি জামায়াতের
×
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ | ২২:১৫

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. কাজী আহমেদ জাকির কার্যালয়ে ঢুকে তাঁর মারধরের প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করেছে জামায়াতে ইসলামী। এ ঘটনাকে মব বলে আখ্যা দিয়েছে দলটি। 

জামায়াতের আমির শফিকুর রহমান বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে লিখেছেন, বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীরা মব সৃষ্টি করে এ ঘটনাটি ঘটিয়েছেন। উচ্চশিক্ষিত সমাজেও যদি এই ধরনের মব স্পষ্ট দিবালোকে বেপরোয়াভাবে তৈরি করা হয়, তাহলে ভাবা যায় দেশ কোন পথে? একটার পর একটা অঘটন ঘটেই চলছে। রাড্ডা মেডিকেল সেন্টার ভাঙচুর ও লুটপাটের ক্ষত এখনও তাজা। সেই অবস্থায় সরকারি দলের চিকিৎসকদের সংগঠন ড্যাব-এর নেতাকর্মীরা আজকে যে ঘটনা ঘটালেন, তা বাংলাদেশের চিকিৎসা সেবার ইতিহাসে এক কালো অধ্যায় রচনা করলেন। 

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বুধবার বিবৃতিতে বলেছেন, আইইডিসিআরের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পরিচালকের কার্যালয়ে ঢুকে তাঁকে মারধরের ঘটনায় প্রমাণিত হয় বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনগুলো মব সৃষ্টি করে দেশে অরাজকতা ও অশান্তি সৃষ্টি করছে। 

বিবৃতিতে বলা হয়েছে, গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারি প্রতিষ্ঠানের কর্মপরিবেশ, কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা এবং আইনের শাসন নিশ্চিত করা অপরিহার্য। এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের পরিচয় ও দায় নির্ধারণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। 

আরও পড়ুন

×