ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ফ্যাসিবাদবিরোধী প্রমাণে ২৮ অক্টোবরের খুনিদের বিচার করুক সরকার: গোলাম পরওয়ার

ফ্যাসিবাদবিরোধী প্রমাণে ২৮ অক্টোবরের খুনিদের বিচার করুক সরকার: গোলাম পরওয়ার
×
×

বুধবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ | ২২:০৪

ফ্যাসিবাদবিরোধী প্রমাণে বিএনপি সরকারকে ২০০৬ সালের ২৮ অক্টোবরের খুনিদের বিচার করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, ‘সরকার যদি সত্যি ফ্যাসিবাদ ও খুনিদের বিরুদ্ধে হয়ে থাকে তাহলে ২৮ অক্টোবরের খুনিদের গ্রেপ্তার করে প্রমাণ করুক। তা নাহলে বুঝবো তলে তলে তাদের সঙ্গে আপনাদের খাতির ছিল।’

বুধবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে এসব কথা বলেন তিনি। মহানগর দক্ষিণ এই কর্মসূচি আয়োজন করে।

২০০৬ সালের ২৮ অক্টোবর বিএনপি-জামায়াতের চারদলীয় জোট সরকারের শেষ দিনে লগি বৈঠা মিছিল করে সেই সময়কার বিরোধী দল আওয়ামী লীগ। সেদিন পুরানা পল্টনে জামায়াতের সমাবেশে লগি বৈঠার হামলায় নিহত হন জামায়াত এবং ইসলামী ছাত্রশিবিরের ছয় নেতাকর্মী। তাদের টিভি ক্যামেরার সামনে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছিল।

সেই ঘটনার ২০ বছর পূর্তিতে বুধবার আয়োজিত সমাবেশে গোলাম পরওয়ার বলেন, হত্যাকাণ্ডের সময় বিএনপি জোট ক্ষমতায় ছিল। পুলিশ, র‍্যাব, বিডিআর, সেনাবাহিনী সরকারের অধীন ছিল। কিন্তু সেদিন জামায়াতের সমাবেশে হামলার পরও স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন টেলিফোনে পাওয়া যায়নি? কেন একসঙ্গে জোটে থাকার পরও বিএনপি আলাদা সমাবেশ করেছিল নয়াপল্টনে?

গোলাম পরওয়ার বলেন, সেদিন বিএনপির সমাবেশ নির্বিঘ্ন হলেও উত্তর গেটে জামায়াতের সমাবেশে সকাল থেকে আওয়ামী লীগ, জাসদ, বাসদ, সিপিবি, ওয়ার্কার্স পার্টি হামলা করেছিল। শেখ হাসিনার নির্দেশে লগি বৈঠা নিয়ে জামায়াত কর্মীদের হত্যা করে। শেখ হাসিনা সরকার ২৮ অক্টোবরের মামলার নথিপত্র গায়েব করে দিয়েছে।

বিএনপির উদ্দেশ্যে গোলাম পরওয়ার বলেন, এই মামলা পুনরুজ্জীবিত করে খুনিদের বিচার করুন। শেখ হাসিনা, ইনু, মেননসহ খুনিদের শাস্তির মুখোমুখি করুন। তাহলে বুঝব, আপনারা আপনারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট মনে করেন।

মহানগরী দক্ষিণ জামায়াতের নায়েবে আমির আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে সমাবেশে দক্ষিণ জামায়াতের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েম, দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেন এমপি, কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপিসহ অনেকে বক্তব্য দেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল উত্তর গেট থেকে পল্টন মোড় হয়ে বিজয়নগরে গিয়ে শেষ হয়।

মহাখালীতে সমাবেশ ও মিছিল
২৮ অক্টোবরের হত্যার বিচারের দাবিতে বুধবার বিকেলে রাজধানীর মহাখালীতে কলেরা হাসপাতালের সামনে সমাবেশ করে মহানগর উত্তর জামায়াত। উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি বলেন, শেখ হাসিনার নির্দেশেই সন্ত্রাসী বাহিনী লগি বৈঠা নিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হত্যা করেছিল। তারা যে মানবতাবিরোধী অপরাধী তা ২৮ অক্টোবরেই  প্রমাণ করেছে।

সমাবেশের পর জামায়াত নেতাকর্মীরা ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দাবিতে মিছিল করেন। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। মিছিলটি তেজগাঁওয়ে এসে শেষ হয়।

আরও পড়ুন

×