শ্যালিকাকে বিয়ে
ক্ষমা চেয়ে মাসুদ বললেন, 'দ্বিতীয় স্ত্রী পূর্ণিমা আমাকে তালাক দিয়েছে'
ফাইল ছবি
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ | ২০:৩৬ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৬ | ২০:৫৭
প্রথম স্ত্রীকে সঙ্গে রেখে তার ছোট বোনকে বিয়ে করে আলোচনার জন্ম দেওয়া নওগাঁর মো. মাসুদ রানাকে তালাক দিয়েছেন দ্বিতীয় স্ত্রী পূর্ণিমা আক্তার। বুধবার বিকেলে ফেসবুকে তালাকনামার ছবি প্রকাশ করে বিষয়টি জানান মাসুদ নিজেই। একই সঙ্গে লাইভে এসে এ ঘটনার জন্য সবার কাছে ক্ষমা চান তিনি।
লাইভে মাসুদ বলেন, 'ইসলামি শরিয়ত অনুযায়ী একই সঙ্গে দুই বোনকে বিয়ে করা যে জায়েজ নয়, তা আমাদের জানা ছিল না। না বুঝে আমরা এই ভুলটি করেছিলাম। এই ভুলের কারণে আমাদের বিভিন্নভাবে অপমানিত ও লাঞ্ছিত হতে হয়েছে। যে ভুলটি হয়েছিল, আমরা তা সংশোধন করেছি।'
মাসুদ আরও বলেন, 'পূর্ণিমা আমাকে আইনগতভাবে তালাক দিয়েছে। বর্তমানে প্রথম স্ত্রী মৌসুমী আক্তারই আমার সঙ্গে রয়েছে।' তালাকের প্রমাণ সামাজিকমাধ্যমে প্রকাশ করার কথা জানিয়ে তিনি এ নিয়ে আর পোস্ট না করার অনুরোধ করেন। একই সঙ্গে এ ঘটনার জন্য পরিবারসহ সবার কাছে ক্ষমা চান মাসুদ।
এর আগে গত ২৪ অক্টোবর নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজি বিরামগ্রাম এলাকার বাসিন্দা ও আইনজীবীর সহকারী মাসুদ রানা তার প্রথম স্ত্রীর ছোট বোন পূর্ণিমাকে বিয়ে করেন। পরদিন দুই স্ত্রীকে নিয়ে ছবি ও ভিডিও সামাজিকমাধ্যমে প্রকাশ করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এ নিয়ে শুরু হয় সমালোচনা।
গত ২৬ অক্টোবর রাতে স্থানীয় কিছু লোক মাসুদের মুখে চুন-কালি মাখিয়ে তাকে এলাকা থেকে বের করে দেন। পরদিন মাসুদের শ্বশুরবাড়ির উঠানে স্থানীয় মাতবরদের উদ্যোগে সালিশ হয়। সেখানে গ্রামবাসীর সামনে মাসুদের শ্বশুর মান্নান সাপুরে ও তার মেয়ে পূর্ণিমা ক্ষমা চান।
এরপর ফেসবুক লাইভে এসে মাসুদ ভুল স্বীকার করেন। এসব ঘটনার ধারাবাহিকতায় আজ বুধবার পূর্ণিমা তাকে তালাক দিয়েছেন বলে জানালেন মাসুদ রানা।