ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপান

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী জাপান
×
×

ছবি-সংগৃহীত

কামরুল হাসান, টোকিও (জাপান) থেকে

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ | ১৭:৫৩

বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জাপান। বুধবার জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী আকাজাওয়া রিয়োসেইর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানানো হয়।

সাক্ষাৎকালে আকাজাওয়া রিয়োসেই বলেন, বাংলাদেশ বর্তমানে বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় দেশ। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও উন্নয়ন এবং দেশটিতে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে জাপান আগ্রহী।

প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে জাপান সরকারের অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে আলোচিত সহযোগিতার বিভিন্ন খাত এগিয়ে নেওয়া এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়েও উভয় পক্ষ একমত হয়।

বৈঠকে জাপানি ব্যবসায়ী মহলে বাংলাদেশের প্রতি বিদ্যমান বিনিয়োগ-আগ্রহ কাজে লাগিয়ে দেশে আরও জাপানি বিনিয়োগ আকৃষ্ট করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রধানমন্ত্রী বলেন, তাঁর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাতা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া দুজনই দুইবার করে জাপান সফর করেছেন। তাঁদের সময় থেকেই বাংলাদেশ ও জাপানের সম্পর্কের বিকাশ ও অগ্রগতির ধারাবাহিকতা তৈরি হয়েছে। তিনি এ ঐতিহ্য এগিয়ে নিতে চান।

এ সময় প্রধানমন্ত্রী জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী আকাজাওয়া রিয়োসেইকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন

×