এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ১১:০২ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ | ১২:৫০
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। আজ শনিবার বেলা ১১টায় রাজধানীর সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এরপর ১১টি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার ফল একযোগে অনলাইন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রকাশ করা হয়।
গত বছর ২০২৫ সালে পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সে হিসাবে গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।
এ বছর গত ২ জুলাই থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন।
জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ৬৯ হাজার ৯৭ জন। সে হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন।
ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর ছাত্রীদের পাসের হার ছাত্রদের তুলনায় বেশি। ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৭৫ শতাংশ, আর ছাত্রীদের পাসের হার ৫৬ দশমিক ৩১ শতাংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ২০ হাজার ৩৬৩ জন এবং ছাত্রী ১৯ হাজার ৭২১ জন।
কোন বোর্ডে পাসের হার কত
বোর্ডভিত্তিক ফলাফলে ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার সবচেয়ে বেশি, ৬১ দশমিক ৮০ শতাংশ। এরপর রয়েছে চট্টগ্রাম বোর্ড, সেখানে পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ। ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ।
অন্যদিকে রাজশাহী বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৪৫ দশমিক ৯৮ শতাংশ, বরিশাল বোর্ডে ৪৪ দশমিক ৮৪ শতাংশ, যশোর বোর্ডে ৪৪ দশমিক ৯২ শতাংশ এবং কুমিল্লা বোর্ডে ৪৮ দশমিক ০৪ শতাংশ।
এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৪৯ দশমিক ৪৩ শতাংশ।
কারিগরিতে পাসের হার ৪৯.৪৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ জন
কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (ডিপ্লোমা ইন কমার্স) পরীক্ষায় পাসের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৮৮৬ জন শিক্ষার্থী।
কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফলে দেখা যায়, মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ২ হাজার ৯৪৭ জন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫০ হাজার ৮৮৯ জন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ১৮০ জন ছাত্র এবং ৭০৬ জন ছাত্রী।
এ বোর্ডের অধীনে ৬৭২টি কেন্দ্রে ১ হাজার ৮৬৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন।
আলিমে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২৫০ জন
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষায় পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ। এ বছর এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী।
বোর্ডের ফল অনুযায়ী, আলিম পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৮৯ হাজার ৩২১ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫৪ হাজার ৫৪৭ জন। পরীক্ষায় অংশ নেওয়া ৫০ হাজার ৩৭৪ জন ছাত্রের মধ্যে পাস করেছেন ২৯ হাজার ২৬৯ জন। ছাত্রদের পাসের হার ৫৮ দশমিক ১০ শতাংশ। তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ২৮ জন।
অন্যদিকে ৩৮ হাজার ৯৪৭ জন ছাত্রীর মধ্যে পাস করেছেন ২৫ হাজার ২৭৮ জন। ছাত্রীদের পাসের হার ৬৪ দশমিক ৯০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২২২ জন ছাত্রী।
এ বছর দেশের ৪৬০টি কেন্দ্রে ২ হাজার ৭০৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আলিম পরীক্ষায় অংশ নেন।
বিদেশের কেন্দ্রে পাসের হার ৯০.৮৭ শতাংশ
বিদেশের আটটি কেন্দ্রে এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ২৩০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২০৯ জন। বিদেশের কেন্দ্রগুলোতে পাসের হার ৯০ দশমিক ৮৭ শতাংশ।
ফলাফলে দেখা যায়, বিদেশের একটি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। কোনো প্রতিষ্ঠানেই শূন্য পাসের ঘটনা ঘটেনি। এ ছাড়া বিদেশের কেন্দ্রগুলোতে কোনো পরীক্ষার্থী বহিষ্কৃত হননি।