এইচএসসির ফল
রাজশাহী বোর্ডে পাসের হার ৪৫.০৬ শতাংশ
ছবি: সংগৃহীত
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ১২:৪৮ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ | ১২:৪৯
রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৫২০ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ উভয়ই কমেছে।
শনিবার বেলা ১১টায় রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরিন পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।
বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর মোট ১ লাখ ৪১ হাজার ৯৩৬ জন পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬১ হাজার ৮৯৪ জন। অকৃতকার্য হয়েছেন ৫৪ দশমিক ৯৪ শতাংশ পরীক্ষার্থী।
গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৫৯ দশমিক ৪০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ১০ হাজার ১৩৭ জন। সে হিসাবে এবার পাসের হার কমেছে ১৪ দশমিক ৩৪ শতাংশ পয়েন্ট এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৫ হাজার ৬১৭ জন।
এ বছর এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২৯ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী। গত বছর এ হার ছিল ২৪ দশমিক ৯৪ শতাংশ। দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১৪ দশমিক ৪৬ শতাংশ শিক্ষার্থী।
এবার ৩৯টি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। গত বছর এ ধরনের কলেজের সংখ্যা ছিল ৩৫টি। অন্যদিকে, এ বছর শতভাগ পাস করেছে মাত্র ৯টি কলেজের শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ১৮টি।
এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ৭৪৩টি কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নেন।