এইচএসসির ফল
দিনাজপুর বোর্ডে পাসের হার ৪৫.৯৮ শতাংশ
ছবি: সংগৃহীত
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ১৩:১৭
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী। অন্যদিকে, ৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। গত আট বছরের মধ্যে এবারই এ বোর্ডে পাসের হার সর্বনিম্ন।
শনিবার বেলা ১১টায় বোর্ডের চেয়ারম্যান স্বাক্ষরিত ফলাফলের পরিসংখ্যান তুলে ধরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন।
বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে আট জেলার ৬৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১ লাখ ১১ হাজার ৭৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫১ হাজার ৩৯৮ জন। জিপিএ-৫ পাওয়া ২ হাজার ৯৫৩ জনের মধ্যে ছাত্র ১ হাজার ৩৮৩ জন এবং ছাত্রী ১ হাজার ৫৭০ জন।
এবার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে, ৪৯টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি।
বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার ৬৬ দশমিক ৭৭ শতাংশ। মানবিক বিভাগে ৩৯ দশমিক ৯৩ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৫ দশমিক ৭৩ শতাংশ। ছেলেদের পাসের হার ৪১ দশমিক ৩১ শতাংশ এবং মেয়েদের ৫০ দশমিক ২৬ শতাংশ।
বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, গত কয়েক বছরের ফলাফলে পাসের হারে উল্লেখযোগ্য ওঠানামা দেখা গেছে। ২০১৬ সালে পাসের হার ছিল ৭৪ দশমিক ৬৪ শতাংশ। ২০১৭ সালে ৬৫ দশমিক ৪৪, ২০১৮ সালে ৬০ দশমিক ২১, ২০১৯ সালে ৭১ দশমিক ৭৮ এবং ২০২০ সালে পরীক্ষা না হওয়ায় শতভাগ শিক্ষার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়।
২০২১ সালে তিনটি ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা হওয়ায় পাসের হার ছিল ৯২ দশমিক ৪৩ শতাংশ। ২০২২ সালে সব বিষয়ে পরীক্ষা নিয়ে পাসের হার দাঁড়ায় ৭৯ দশমিক ০৮ শতাংশ। ২০২৩ সালে ৭৪ দশমিক ৪৮, ২০২৪ সালে ৭৭ দশমিক ৫৬ এবং ২০২৫ সালে ৫৭ দশমিক ৪৯ শতাংশ শিক্ষার্থী পাস করে। চলতি বছর তা আরও কমে ৪৫ দশমিক ৯৮ শতাংশে নেমেছে।