ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

তাহসিফের মৃত্যু

বন্ধু দীপকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

বন্ধু দীপকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ
×
×

আহমেদ শাহরিয়ার রেজা দীপ

আদালত প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ১৭:২২

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনার প্রধান সন্দেহভাজন আসামি বন্ধুস্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় দুদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা টংগী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

এর আগে, ৩১ অক্টোবর প্রথম দফায় দীপের চারদিন ও ৩ নভেম্বর দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। দ্বিতীয় দফায় রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করে ফের সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। সেই আবেদনের শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিএমএম আদালতের অতিরিক্ত পিপি শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন। 

মামলার এজাহার থেকে জানা যায়, গত ২৮ অক্টোবর বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ টংগীর রাজবাড়ীর তুরাগ নদীর ঘাট থেকে ভাসমান অবস্থায় বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির লাশ উদ্ধার করে। প্রাথমিক তদন্ত ও তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে, নিহত তাহসিফ সাউরির জুনিয়র ও সম্পর্কে বড় ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপ এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। পরে তাকে হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ৩০ অক্টোবর জিডির মাধ্যমে গ্রেপ্তার দেখানো হয়।

এমতাবস্থায় তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন, পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তার ও শনাক্তকরণ, নিহতের মোবাইল ও ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার এবং হত্যাকাণ্ডের মূল স্থান নির্ধারণের জন্য অভিযুক্তকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি। তিনি ঘটনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাই, তাকে সাতদিনের রিমান্ডে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

আরও পড়ুন

×