এক ম্যাচে ৫৩ লাল কার্ড, ফুটবলে গড়ল বিশ্বরেকর্ড!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ১৭:৩৫
ফুটবল মাঠে লাল কার্ড দেখার ঘটনা নতুন নয়। তবে একই ম্যাচে ৫৩টি লাল কার্ড! অবিশ্বাস্য মনে হলেও ব্রাজিলে ঘটেছে এমনই ঘটনা। অনূর্ধ্ব-২০ পর্যায়ের একটি ম্যাচে দুই দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাসহ মোট ৫৩ জনকে লাল কার্ড দেখিয়েছেন রেফারি। ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, এক ম্যাচে সর্বোচ্চ লাল কার্ড দেখানোর নতুন বিশ্বরেকর্ড এটি।
বৃহস্পতিবার ৫ নভেম্বর ব্রাজিলের মিনাস জেরাইস রাজ্যে স্থানীয় অনূর্ধ্ব-২০ ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল মামোরে ও উবেরলান্দিয়া। ম্যাচের দ্বিতীয়ার্ধে মামোরে ৩-১ গোলে এগিয়ে থাকার সময় দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষ বাধে। মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
রেফারি ফার্নান্দো প্যাট্রিক দ্রোশগিচ মোদেস্তোর প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষের ঘটনায় দুই দলের ৪০ জন খেলোয়াড় ও আটজন টিম কর্মকর্তা লাল কার্ড দেখেছেন। এর আগে ম্যাচে আরও তিনজন খেলোয়াড়কে বহিষ্কার করেছিলেন রেফারি। পাশাপাশি উবেরলান্দিয়ার পরিচালনা পর্ষদের দুই সদস্যকেও মাঠ থেকে বের করে দেওয়া হয়। সব মিলিয়ে লাল কার্ডের সংখ্যা দাঁড়ায় ৫৩।
এত দিন এক ম্যাচে সর্বোচ্চ লাল কার্ড দেখানোর রেকর্ড ছিল ৩৬টি। ২০১১ সালের ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার পঞ্চম বিভাগের দুই দল আতলেতিকো ক্লায়পোলে ও ভিক্টোরিয়ানো আরেনাসের ম্যাচে এই ঘটনা ঘটেছিল। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেল ব্রাজিলের অনূর্ধ্ব-২০ পর্যায়ের ম্যাচটি।
রেফারির প্রতিবেদনে সংঘর্ষের সূত্রপাতের কারণও উঠে এসেছে। মামোরের খেলোয়াড় দাভি দলের তৃতীয় গোল উদ্যাপনের সময় প্রতিপক্ষের ডাগআউটের দিকে কটাক্ষ করেন। এতে ক্ষুব্ধ হয়ে উবেরলান্দিয়ার গোলকিপিং কোচ পাওলো সার্জিও দিয়াস দোস সান্তোস মাঠে ঢুকে তার মুখোমুখি হন। এরপর দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
ঘটনার সময় রেফারিকেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তার দাবি, কয়েকজন ব্যক্তি তাকে হত্যার হুমকিসহ বিভিন্ন ধরনের সহিংসতার ভয় দেখিয়েছেন। এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন তিনি।
উত্তপ্ত পরিস্থিতির কারণে প্রায় ৪০ মিনিট খেলা বন্ধ রাখতে হয়। পরে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। সংঘর্ষের পর দুই দলের বিরুদ্ধে পাল্টাপাল্টি ভাঙচুরের অভিযোগও উঠেছে। উবেরলান্দিয়ার কর্মকর্তাদের বিরুদ্ধে মামোরের সরঞ্জাম নষ্ট করার অভিযোগ করেছে প্রতিপক্ষ। অন্যদিকে মামোরের দলের সদস্যদের বিরুদ্ধে উবেরলান্দিয়ার ড্রেসিংরুমে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে।