হাকিমপুরে মাছ চুরির অভিযোগে শিশুকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১
হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ১৯:০০
দিনাজপুরের হাকিমপুরে মাছ চুরির অভিযোগে ১৩ বছরের এক শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। বুধবার রাতে উপজেলার বোয়ালদাড় গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর রাতে বোয়ালদাড় গ্রামের একটি পুকুরে মাছ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বিরুদ্ধে অভিযোগ তোলেন পুকুরের মালিক সাখাওয়াত হোসেন। পরে তিনি কয়েকজনকে সঙ্গে নিয়ে তাকে আটক করেন। একপর্যায়ে তার হাত-পা রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শিশুটির দুই হাত পেছনে নিয়ে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। এ সময় মোবাইল ফোনের আলো ও টর্চলাইট জ্বালিয়ে তার মাথায় পা দিয়ে লাথি মারা হচ্ছে এবং শরীরের বিভিন্ন স্থানে মারধর করা হচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ ঘটনায় বুধবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে হাকিমপুর থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে বিপ্লব হোসেন (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করে। তিনি বোয়ালদাড় গ্রামের সাঈদ আলীর ছেলে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাদশাহ আলম বলেন, এ ঘটনায় থানায় শিশু নির্যাতনের মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার আসামিকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।