ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

‘দখল হয়ে গেছে নদীর পাড়, তুমি কি তা ঠেকাতে পারো, প্লিজ’

‘দখল হয়ে গেছে নদীর পাড়, তুমি কি তা ঠেকাতে পারো, প্লিজ’
×
×

জাতীয় পতাকার আদলে তৈরি একটি সবুজ টি-শার্টে লাল বৃত্ত। তাতে লেখা হয়েছে প্রতিবাদী বার্তা। ছবি: সমকাল

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ১৯:০৩ | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬ | ১৯:২১

নদীর পাড় দখল হয়ে যাচ্ছে, তা ঠেকানোর দায়িত্ব কে নেবে? এমন প্রশ্ন তুলে বাগেরহাটে দেখা গেছে ব্যতিক্রমী এক প্রতিবাদ। কোনো ব্যানার, ফেস্টুন কিংবা মানববন্ধন নয়, জাতীয় পতাকার আদলে তৈরি একটি সবুজ টি-শার্টে লাল বৃত্ত এঁকে তাতে লেখা হয়েছে প্রতিবাদী বার্তা। সেটি ঝুলিয়ে দেওয়া হয়েছে বাগেরহাট প্রেসক্লাবের সামনের সড়কের একটি খুঁটিতে। বার্তাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে লিখেছেন কেউ একজন।

আজ বৃহস্পতিবার সকালে প্রেসক্লাবের সামনে এ দৃশ্য চোখে পড়ে। টি-শার্টে লেখা রয়েছে, ‘বাগেরহাটে স্বাগতম পিনু ভাই। দখল হয়ে গেছে নদীর পাড়, তুমি কি তা ঠেকাতে পারো, Please।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক মো. শহিদুল ইসলাম ছবিটি শেয়ার করে লিখেছেন, প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর ঘিরে নিজের প্রত্যাশার কথা এভাবেই জানানোর চেষ্টা করেছেন কেউ একজন। তিনি লেখেন, হয়তো যার উদ্দেশে এই বার্তা, তার চোখে পড়বে না। তবু একটা আশা নিয়ে কেউ হয়তো এটি টাঙিয়ে রেখেছেন। ভেবেছেন, সাংবাদিকদের চোখে পড়লে সংবাদ হবে, আর সেই সংবাদ হয়তো কোনোভাবে প্রধানমন্ত্রীর নজরে আসবে।

ইনজামামুল হক নামে আরেকজন ছবিটি শেয়ার করে লিখেছেন, আজ বাগেরহাটের আসছেন প্রধানমন্ত্রী। ভৈরবসহ সব নদী-খাল রক্ষায় দখল ও দূষণমুক্তের এই দাবি আমারও।

উল্লেখ্য, বাগেরহাটের নদ-নদী ও খাল দখলমুক্ত করার দাবি দীর্ঘদিনের। বিশেষ করে শহরের ভৈরব ও দড়াটানা নদীর বিভিন্ন অংশে দখল, অবৈধ স্থাপনা নির্মাণ এবং নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার অভিযোগ রয়েছে। নদীর জায়গা দখল হয়ে যাওয়ায় কোথাও কোথাও সংকুচিত হয়েছে পানিপ্রবাহের পথ। এতে পরিবেশ, জীববৈচিত্র্য ও নদীনির্ভর মানুষের জীবন-জীবিকাও হুমকির মুখে পড়ছে।

গত ২৬ জুলাই নদী ও খাল দখলমুক্ত করার দাবিতে বাগেরহাটে তরুণদের উদ্যোগে অবস্থান কর্মসূচিও পালিত হয়। সেখানে সরকারি রেকর্ডভুক্ত নদী-খালের সীমানা নির্ধারণ, অবৈধ দখল উচ্ছেদ এবং জলাধার রক্ষার দাবি জানানো হয়।

এ অবস্থায় প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ঝুলিয়ে রাখা ছোট্ট একটি টি-শার্ট উপকূলীয় এই জনপদের বড় একটি দাবির প্রতীক হয়ে উঠেছে। তবে কে বা কারা এটি ঝুলিয়ে রেখেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন

×