শাহ্জালাল ইসলামী ব্যাংকের কার্ডধারীরা কনকর্ড হেলথকেয়ারে পাবেন বিশেষ ছাড়
ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ১৮:৩৪ | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬ | ১৯:২২
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির কার্ডধারীরা কনকর্ড হেলথকেয়ার গ্রুপের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বিশেষ ছাড় ও আকর্ষণীয় সুবিধা পাবেন। এ লক্ষ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং নোয়াপাড়া গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি শাহ্জালাল ইসলামী ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও নোয়াপাড়া গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ফায়জুর রহমান। তাঁরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় ব্যাংকটির কার্ডধারীরা কনকর্ড হেলথকেয়ার গ্রুপের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, কনকর্ড স্টেম সেল লিমিটেড, কনকর্ড ডায়াগনস্টিক ও মলিকুলার ল্যাব বিডি লিমিটেড এবং ইডব্লিউ ভিলা মেডিকা হেলথ বাংলাদেশ লিমিটেডে স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে বিশেষ ছাড় ও আকর্ষণীয় সুবিধা উপভোগ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম, নোয়াপাড়া গ্রুপের পরিচালক ফায়েজ ইবনে রহমান, গ্রুপের গ্রুপ সিওও ও সিএফও জাবেদুর রহমান, ব্যাংকের পান্থপথ শাখার ব্যবস্থাপক মো. রাজিউর রহমান, করপোরেট প্রধান কার্যালয়ের এসএভিপি মো. ইব্রাহিম হোসেন, কার্ড ডিভিশনের এভিপি মো. শফিউল ইসলাম এবং ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান ও ব্যাংক ফাউন্ডেশনের সিইও কে. এম. হারুনুর রশীদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
- বিষয় :
- ব্যাংক