কারিতাস বাংলাদেশের সেমিনারে তথ্য
কৃষিবাস্তুতান্ত্রিক চর্চায় দুর্যোগ মোকাবিলায় এগিয়ে উপকূলের কৃষকেরা
ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ১৩:৩৫
কৃষিবাস্তুতন্ত্রভিত্তিক কৃষিচর্চা উপকূলীয় জনগোষ্ঠীর দুর্যোগ সহনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ পদ্ধতিতে যুক্ত কৃষকেরা দুর্যোগের পর তুলনামূলক দ্রুত কৃষিকাজ ও স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন। পাশাপাশি ভবিষ্যতের দুর্যোগ মোকাবিলায় কৃষিপদ্ধতির পরিবর্তন এবং আয়ের উৎস বহুমুখীকরণেও তাঁরা বেশি উদ্যোগী হচ্ছেন। কারিতাস বাংলাদেশের উদ্যোগে পরিচালিত এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
সোমবার রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বার্ক) মিলনায়তনে ‘কৃষিবাস্তুতন্ত্রভিত্তিক পদ্ধতির মাধ্যমে উপকূলীয় দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি’ শীর্ষক গবেষণার ফলাফল উপস্থাপন ও অভিজ্ঞতা বিনিময়বিষয়ক জাতীয় সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়।
গবেষণায় দেখা গেছে, প্রকল্পভুক্ত পরিবারের ৯৮ শতাংশ কৃষক মাঠবিদ্যালয় কার্যক্রমে অংশ নিয়েছেন এবং ৯৭ শতাংশ পরিবারের বীজ ব্যাংকে প্রবেশাধিকার ছিল। অন্যদিকে, প্রকল্পের বাইরের পরিবারগুলোর ক্ষেত্রে এ হার ছিল মাত্র ৪ শতাংশ।
দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় প্রকল্পভুক্ত ৭৩ শতাংশ পরিবার নিজেদের সঞ্চয় ব্যবহার করেছে। বিপরীতে, প্রকল্পের বাইরে থাকা ৫৪ শতাংশ পরিবার ঋণ বা বাকির ওপর নির্ভর করেছে। গবেষণায় আরও দেখা গেছে, প্রকল্পের আওতাভুক্ত পরিবারগুলো দুর্যোগের পর তুলনামূলক দ্রুত কৃষিকাজ শুরু করতে পেরেছে এবং স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতেও এগিয়ে ছিল।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আফছার আলী, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির, ক্যাফোডের প্রতিনিধি রিচার্ড স্লোম্যান এবং যুক্তরাজ্যের বৈদেশিক উন্নয়ন ও কমনওয়েলথ দপ্তরের মানবিক সহায়তা দলের প্রধান এলি মুডি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস বাংলাদেশের কর্মসূচি পরিচালক অপূর্ব ম্রং।
গবেষণার ফলাফল উপস্থাপন করেন অস্ট্রিয়ার বোকু বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাইকেল হাউজার। স্বাগত বক্তব্য দেন কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক দাউদ জীবন দাশ।
দাউদ জীবন দাশ বলেন, স্বাধীনতার পর থেকেই কারিতাস বাংলাদেশ দেশের বিভিন্ন দুর্যোগ মোকাবিলা, শিক্ষা, স্বাস্থ্য এবং প্রান্তিক ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। সেমিনারের মাধ্যমে ভবিষ্যতে দেশের দুর্যোগ মোকাবিলায় কর্মপরিকল্পনা নির্ধারণ করাই তাঁদের মূল লক্ষ্য।
প্যানেল আলোচনায় সাবেক উপদেষ্টা ও উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আক্তার বলেন, জলবায়ু পরিবর্তন এখন দুর্যোগে পরিণত হয়েছে। এ পরিস্থিতিতে কৃষিবীজ সংরক্ষণের গুরুত্ব বেড়েছে। কৃষকদের বাস্তব অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগাতে হবে। কৃষকের বীজ কৃষকের কাছেই নিরাপদ রাখতে হবে।
তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের পর কৃষিকাজ চালিয়ে নিতে কৃষকদের কাছে আপৎকালীন বীজ সংরক্ষণ জরুরি। দুর্যোগের সময় কৃষকের জীবন রক্ষার পাশাপাশি তাঁদের অন্যান্য সম্পদের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। আধুনিক কৃষিব্যবস্থা গড়ে তুলতে গিয়ে কৃষকদের নিজস্ব অভিজ্ঞতা ও প্রথাগত জ্ঞান যেন হারিয়ে না যায়, সেদিকেও নজর দিতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে ড. মো. আবদুছ ছালাম বলেন, ভবিষ্যতের দুর্যোগ মোকাবিলায় এখন থেকেই সচেতন হতে হবে। বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ে কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। উপকূলীয় অঞ্চলে দুর্যোগ মোকাবিলা এবং দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি থেকে উত্তরণে প্রযুক্তিগত জ্ঞান কাজে লাগাতে হবে। বিশেষ করে কৃষিতে খাদ্যবীজ সংরক্ষণের জন্য প্রযুক্তির প্রয়োজনীয়তা অনেক।
তিনি আরও বলেন, দুর্যোগের সময় প্রযুক্তির যথাযথ ব্যবহার করা গেলে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। কারিতাস বাংলাদেশের কার্যক্রম সরকারি বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নেও সহযোগিতা করছে।
জলবায়ু বিশেষজ্ঞ, লেখক ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গওহার নঈম ওয়ারা বলেন, উপকূলীয় অঞ্চলের সমস্যাগুলো গভীরভাবে বিবেচনায় নিতে হবে। কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি মাটির প্রতি যত্নশীল হতে হবে। কৃষককে বাঁচাতে হবে এবং তাদের লোকজ জ্ঞানকে অগ্রাধিকার দিতে হবে।
প্যানেল আলোচনায় আরও অংশ নেন এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (যুগ্ম সচিব) ড. কে এম মামুন উজ্জামান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী কামরুল ইসলাম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুব রাব্বানী এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক নিতাই চন্দ্র দে সরকার।
সমাপনী বক্তব্যে কারিতাস বাংলাদেশের কর্মসূচি পরিচালক অপূর্ব ম্রং বলেন, মাটি ও পরিবেশের সঙ্গে যাঁদের সরাসরি সম্পর্ক, তাঁদের নিয়েই কারিতাসের কার্যক্রম। বিদ্যমান সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করাই তাঁদের কাজের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতে এ ধরনের গবেষণার মাধ্যমে বৃহত্তর জনগোষ্ঠী উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সেমিনারে গবেষণার আলোকে এনজিও, দাতা সংস্থা ও নীতিনির্ধারকদের জন্য কয়েকটি সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে উপকূলীয় জনগোষ্ঠীর সক্ষমতা বাড়াতে দীর্ঘমেয়াদি কৃষিবাস্তুতন্ত্রভিত্তিক কর্মসূচি সম্প্রসারণ, কৃষি প্রশিক্ষণের সঙ্গে দুর্যোগ প্রস্তুতি ও আগাম সতর্কবার্তা কার্যক্রমের সমন্বয় এবং কৃষক দল, সামাজিক নেটওয়ার্ক ও স্থানীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করা।
এ ছাড়া সঞ্চয় বৃদ্ধি, আয়ের উৎস বহুমুখীকরণ এবং উৎপাদনশীল সম্পদ সুরক্ষার মাধ্যমে ঋণনির্ভরতা কমানোর সুপারিশ করা হয়েছে। বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনা, বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা-২১০০ এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস কাঠামোয় কৃষিবাস্তুতন্ত্রভিত্তিক চর্চা অন্তর্ভুক্ত করার কথাও বলা হয়েছে।
- বিষয় :
- কৃষি