নড়াইলে বাড়িঘরে হামলার ঘটনায় ভারতে অপতথ্য ছড়ানো হচ্ছে: জাহেদ উর রহমান
ছবি: পিআইডি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ১৫:০৪ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬ | ১৫:১৬
নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ ও নির্যাতনের অভিযোগ নিয়ে ভারতে অপতথ্য ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, এ ধরনের অপতথ্য প্রচার দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর।
তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ ব্যাপক হত্যা ও নির্যাতনের শিকার হচ্ছেন—এমন নানা ধরনের অপতথ্য প্রচার করা হয়েছে। ভারতের মূলধারার গণমাধ্যমেও এ ধরনের প্রচারণা হয়েছে, যার কিছু বিষয় বাংলাদেশের গণমাধ্যমে খণ্ডন করা হয়েছে।
জাহেদ উর রহমান বলেন, ‘৫ আগস্টের পরবর্তী সময়ে দুই দেশের স্বার্থ নিশ্চিত করে আমরা চাই ভারতের সাথে একটা এফেক্টিভ এনগেজমেন্ট হোক। সেখানে এই ধরনের ডিসইনফরমেশন ক্যাম্পেইন দুই দেশের সম্পর্কের মধ্যে সমস্যা বা জটিলতা আরও বাড়াতে পারে।’
এ ধরনের অপতথ্য প্রচার থেকে বিরত থাকতে ভারতের গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে এ বিষয়ে ভারতের সরকারের কোনো নিয়ন্ত্রক সংস্থা থাকলে তাদের বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান।
নড়াইলে কিছু বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে বলে স্বীকার করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, ‘এটা সত্য যে আওয়ামী লীগ সমর্থন করেন, এমন কিছু মানুষের বাড়িঘরেও হামলা হয়েছে। এগুলো প্রত্যেকটা ফৌজদারি অপরাধ। এগুলো যেই করে থাকুন না কেন, সেগুলোর ব্যাপারে সরকার নিশ্চয়ই ব্যবস্থা নেবেন।’
- বিষয় :
- জাহেদ উর রহমান