কবি আবদুল বাসিতের মৃত্যুতে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
কবি ও সাবেক শিক্ষক নেতা আবদুল বাসিত মোহাম্মদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২১ | ০৬:১৬
সিলেটে ড্রেনে পড়ে পেটে লোহার রড ঢুকে কবি ও সাবেক শিক্ষক নেতা আবদুল বাসিত মোহাম্মদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে একটি রিট দায়ের করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় করা রিটে স্থানীয় সরকার সচিব, সিলেটের সিটি করপোরেশন মেয়রসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে স্থানীয় সরকার সচিব, সিলেটের মেয়রসহ সংশ্লিষ্টদের বলা হয়েছে। একই সঙ্গে আবদুল বাসিত মোহাম্মদের মৃত্যুর ঘটনা তদন্ত করে দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে সিলেট জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
কবি আবদুল বাসিতের পরিবারের পক্ষে অ্যাডভোকেট সৈয়দ ফজলে ইলাহী ও গোলাম সুবহান চৌধুরী রিট আবেদনটি করেন। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক।
গত বছর ৭ ডিসেম্বর সিলেট নগরীর আম্বরখানার হুরায়রা ম্যানশনের সামনে ড্রেনে পড়ে যান আবদুল বাসিত মোহাম্মদ (৬৫)। সেখানে তার পেটে লোহার রড ঢুকে যায়। উদ্ধার করে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১০ ডিসেম্বর ভোরে মারা যান তিনি। এ ঘটনা নিয়ে গত ১১ ডিসেম্বর পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদন সংযুক্ত করে সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করা হয়।
- বিষয় :
- ড্রেনে পড়ে মৃত্যু
- কবি আবদুল বাসিত
