‘আমাকে ফোন দিয়ে বলে- এমপি সাহেব কারেন্ট নাই কেন? কি যে ঝামেলায় আছি’
মাদারীপুর-১ আসনের এমপি সাইদ উদ্দিন আহমাদ হানজালা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ জুন ২০২৬ | ২১:৫০ | আপডেট: ২২ জুন ২০২৬ | ২১:৫৯
বিদ্যুৎ সংকটের সমাধান না হলে সংসদ সদস্যরা নির্বাচনী এলাকায় ইজ্জত নিয়ে থাকা যাবে না বলে সংসদে বলেছেন মাদারীপুর-১ আসনের এমপি সাইদ উদ্দিন আহমাদ হানজালা। আজ সোমবার সংসদে বাজেট আলোচনায় বলেছেন, ‘বিদ্যুৎ না থাকলে ফোন দেয়, আমাদের এলাকায় বিদ্যুৎ নাই, এমপি সাহেবকে ফোন দেন। আমার হাতে কি বিদ্যুৎ আছে? আমি কীভাবে এলাকার মানুষকে বুঝাব? বিদ্যুৎ সংকটের খুব তাড়াতাড়ি সমাধান না করলে, মান সম্মান ইজ্জত এলাকায় থাকা যাবে না।’
হানজালা বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা হাজী শরীয়তুল্লাহর সপ্তম উত্তর পুরুষ। তিনি পাঠাপুস্তকে হাজী শরীয়াতুল্লাহর সংগ্রাম ও জীবন অন্তর্ভূক্ত করার দাবি জানান। হয়রত শাহজালাল (রহ.), হযরত শাহপরান (র.) ও তিতুমীরের সংগ্রাম অন্তর্ভূক্তও দাবি জানান এ সংসদ সদস্য।
পোস্টাল ব্যালটে জয়ী হয়ে সংসদে আসা হানজালা প্রসাীদের সুরক্ষার দাবি তুলেন। তিনি বলেন, প্রবাসীরা দেশের পক্ষে লড়ছেন, না খেয়ে লড়ছেন, ঘাম দিচ্ছেন, কষ্ট করছেন।
এরপর বিদ্যুতের সমস্যা তুলে স্পিকারের উদ্দেশ্যে হানজালা বলেন, ‘এলাকায় কারেন্ট না থাকলেও আমাকে ফোন দিয়ে বলে- এমপি সাহেব কারেন্ট নাই কেন? কি যে এক ঝামেলায় আছি, এটা আপনাকে বুঝাইতে পারব না।’
- বিষয় :
- সংসদ অধিবেশন
- বিদ্যুৎ সরবরাহ
- এমপি
