ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

সালথায় খাল পুনঃখনন কাজ দেখে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসকের

সালথায় খাল পুনঃখনন কাজ দেখে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসকের
×

ছবি: সমকাল

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২৬ | ২২:৩৫

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে চলমান খাল পুনঃখনন প্রকল্পের কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম।

সোমবার দুপুরে তিনি সোনাডাঙ্গা বিল থেকে সেনহাটি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় খননকাজের অগ্রগতি ও গুণগত মান পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রকল্পের বিভিন্ন তথ্য নেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, খাল পুনঃখনন সরকারের গুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মসূচিগুলোর একটি। এর মাধ্যমে সেচব্যবস্থা উন্নত হবে, পানি নিষ্কাশনের সুযোগ বাড়বে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। একই সঙ্গে গ্রামীণ অর্থনীতিও আরও শক্তিশালী হবে।

তিনি খননকৃত মাটি খালের দুই পাড়ে সঠিকভাবে সংরক্ষণের নির্দেশ দেন। জেলা প্রশাসক বলেন, বর্ষার সময়ে ভারী বৃষ্টিপাতে পাড়ের কাঁচা মাটি ধসে আবার খালে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই এ বিষয়ে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে।

মো. মাজহারুল ইসলাম আরও বলেন, জেলা ও উপজেলা প্রশাসন নিয়মিতভাবে প্রকল্পটির অগ্রগতি তদারকি করছে। সরেজমিনে কাজের মান সন্তোষজনক পাওয়া গেছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা হাসান আশরাফ বলেন, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় এলাকায় পানি নিষ্কাশনে সমস্যা দেখা দিয়েছিল। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে কৃষকেরা ক্ষতির মুখে পড়তেন। পুনঃখনন শেষ হলে কৃষি উৎপাদন ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা করছেন।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবীর উদ্দিন বলেন, প্রকল্পটি নিয়মিত তদারকির মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। কাজের স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে, যাতে স্থানীয় জনগণ দীর্ঘমেয়াদে এর সুফল পেতে পারেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা উন্নয়ন তহবিলের আওতায় দুস্থ ও অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন। পরে উপজেলার চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডও পরিদর্শন করেন।

আরও পড়ুন

×