ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

আটক ব্যক্তিকে ‘নিজেদের কর্মী’ দাবি আ’লীগের, একই দাবি বিএনপির, পরে মুচলেকায় মুক্তি

আটক ব্যক্তিকে ‘নিজেদের কর্মী’ দাবি আ’লীগের, একই দাবি বিএনপির, পরে মুচলেকায় মুক্তি
×

ফাইল ছবি

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২৬ | ২২:২২ | আপডেট: ২২ জুন ২০২৬ | ২২:২৫

গাজীপুরের শ্রীপুরে পুলিশের হাতে আটক লোকমান হোসেন নামের এক ব্যক্তির রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আওয়ামী লীগ ও পুলিশ তাকে আওয়ামী লীগের স্থানীয় নেতা বললেও বিএনপি তাকে নিজেদের কর্মী দাবি করেছে। প্রায় ১৩ ঘণ্টা পর মুচলেকা দিয়ে তাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যান বিএনপির উপজেলা পর্যায়ের নেতারা।

আজ সোমবার দুপুরে শ্রীপুর থানায় মুচলেকায় মুক্ত করা হওয়া লোকমান হোসেনকে রোববার রাতে আটক করে পুলিশ। তিনি শ্রীপুর পৌরসভার কেওয়া দক্ষিণখণ্ড গ্রামের বাসিন্দা।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতা বা অরাজকতার আশঙ্কায় দলের নেতাকর্মীদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছিল। এ সময় লোকমান হোসেনের আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের ছবি এবং কমিটির তালিকায় তার নাম পাওয়া যায়। এসব তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ওসি বলেন, আটকের পরপরই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্যসচিব খাইরুল কবির মণ্ডল আজাদসহ একাধিক নেতা থানায় এসে লোকমানকে তাদের কর্মী দাবি করেন। তারা বিএনপির বিভিন্ন কর্মসূচিতে লোকমানের অংশগ্রহণের ছবি ও অন্যান্য তথ্য উপস্থাপন করেন। পরে মুচলেকা দিয়ে তাকে নিয়ে যান। মুচলেকায় উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্যসচিব খাইরুল কবির মণ্ডল আজাদ এবং পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের স্বাক্ষর রয়েছে।

উপজেলা বিএনপির সদস্যসচিব খাইরুল কবির মণ্ডল আজাদ বলেন, লোকমান হোসেন অতীতে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি বিএনপিতে যোগ দেন এবং দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। আওয়ামী লীগের গ্রাম কমিটিতে তার নাম থাকার বিষয়টি তিনি জানতেন না বলেও দাবি করেন।

একই ধরনের বক্তব্য দিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব বলেন, লোকমান এখন বিএনপির কর্মী। তিনি গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করেছেন। একটি মহল বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে বিভ্রান্তিকর তথ্য দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে।

এদিকে পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, লোকমান হোসেন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের গ্রাম কমিটির সহ সভপতি। কমিটি গঠনের তালিকায় তার নামের ও আওয়ামী লীগের বিভিন্ন দিবসে পোস্টার ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন

×