ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

কবিরহাটে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোর নিহত

কবিরহাটে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোর নিহত
×

কবিরহাট (নোয়াখালী) সংবাদদাতা

প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ২২:৩৮

নোয়াখালীর কবিরহাটে বালুবাহী পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের সোনাপুর-কবিরহাট সড়কের বারীপুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কামাল উদ্দিনের ছেলে তারেক রহমান শিবলু (১৬) এবং ৯ নম্বর ওয়ার্ডের রহমত উল্যার ছেলে জিহাদ হোসেন (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি বালুবাহী পিকআপ ভ্যান কবিরহাট থেকে সোনাপুরের দিকে যাচ্ছিল। পথে বারীপুকুর পাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি পিকআপ ভ্যানের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে পিকআপ ভ্যানের চালক মহিউদ্দিনকে (৪০) আটক করা হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন ভূঁইয়া জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালককে গাড়িসহ আটক করা হয়েছে। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

×