ওসিকে ‘অপদার্থ’ বলে স্ট্যাটাস এনপিসি নেতার
ফাইল ছবি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ২২:২২
যুবলীগ মিছিল করায় গাজীপুরের গাছা থানার ওসিকে ‘অপদার্থ’ আখ্যায়িত করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এনসিপির কেন্দ্রীয় এক নেতা। অন্যদিকে, ওসি বলছেন ওই নেতা থানায় এসে নাস্তা খেয়ে বেরিয়ে গিয়ে ওই স্ট্যাটাস দিয়েছেন।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলী নাছের খান ফেসবুকে ওই পোস্ট দেন। এতে গাছা থানার ওসির প্রশ্রয়ে যুবলীগের মিছিল হয়েছে দাবি করে তিনি তাঁর প্রত্যাহার চান।
গতকাল সোমবার রাতে তিনি ওই পোস্টে লেখেন, ‘অবিলম্বে গাছা থানার অপদার্থ ওসিকে প্রত্যাহার করুন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিল তাঁর প্রশ্রয়ে হয়েছে।’
স্ট্যাটাসের কমেন্ট বক্সে তিনি লেখেন, ‘গাজীপুর মেট্রোতে দায়িত্ব পালন বাদ দিয়ে থানার ওসিদের পিকনিক করার ইচ্ছা থাকলে পঞ্চগড়, রাঙ্গামাটি, বরগুনা গিয়ে করা উচিত।’ তার এমন পোস্টের পর নেটিজেনরা পক্ষে-বিপক্ষে বিভিন্ন মন্তব্য করছেন।
গত ২১ জুন গাছা থানা এলাকায় মিছিল করে যুবলীগ। সে সময় পুলিশকে উদ্দেশ করে এক যুবলীগ কর্মী বলে ওঠেন ‘ওই, একটাও সামনে আসবি না, মাইরা ফালামু’।
ফেসবুক স্ট্যাটাস প্রসঙ্গে আলী নাছের খান বলেন, আমরা দেখেছি একটি ঝটিকা মিছিল বাসন থানা এলাকা থেকে শুরু হয়ে গাছা থানা এলাকা দিকে গেছে। সেই মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে হুমকি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমরা থানার সামনে যুবশক্তির ব্যানারে প্রতিবাদ করলাম। তখন দেখলাম গাছা থানার পুলিশ অনেকটা নির্লিপ্ত। প্রকাশ্য দিবালোকে মিছিল করে পুলিশকে হুমকি দিয়ে চলে যায় এ ব্যাপারে কোনো তৎপরতা নেই।
জানতে চাইলে গাজীপুরের গাছা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, তিনি (এনসিপি নেতা নাছের) আমার এখানে লোকজন নিয়ে আসলেন, আমার সঙ্গে কথা হলো, নাস্তা খেলেন, তারপর চলে গেলেন। আমার এখন থেকে বের হয়েই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিলেন।
