ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

তাড়াশে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের মানববন্ধন

তাড়াশে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের মানববন্ধন
×

অভিযুক্ত শিক্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন।

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ২৩:২৪ | আপডেট: ২৩ জুন ২০২৬ | ২৩:২৫

সিরাজগঞ্জের তাড়াশে বিষমডাঙা স্কুল অ্যান্ড কলেজের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অভিযুক্ত শিক্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। 

বক্তারা অভিযোগ করে বলেন, বিষমডাঙা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল আলিম, সহকারী শিক্ষক জহুরুল ইসলাম খোকনসহ কয়েকজন শিক্ষক দীর্ঘদিন ধরে ছাত্রীদের যৌন হয়রানি করে আসছেন। এ বিষয়ে কেউ প্রতিবাদ করলে বা মুখ খুললে তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়।

এদিকে অভিযোগের প্রেক্ষিতে গত ২২ জুন বিষমডাঙা স্কুল অ্যান্ড কলেজে তাড়াশ উপজেলা প্রশাসন, থানা পুলিশ এবং সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের নারী তদন্ত টিমের সমন্বয়ে একটি গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে কয়েকজন শিক্ষার্থী অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে মৌখিক বক্তব্য দেন। তদন্ত শেষে কমিটি অভিযুক্তদের বিরুদ্ধে কেন প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নির্দেশ দেয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন পরিবেশ ও জলবায়ু কর্মী ফয়সাল বিশ্বাস, সিরাজগঞ্জ জেলা হিন্দু ছাত্র মহাসংঘের সাবেক সভাপতি অনন্ত কুমার মাহাতো, শিক্ষার্থী সৃষ্টি রানী মাহাতো ও আম্বিয়া খাতুন, ভুক্তভোগী এক শিক্ষার্থীর অভিভাবক অন্তর কুমার মাহাতো এবং তাড়াশ উপজেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক সুশীল কুমার মাহাতোসহ অন্যরা।

পরিবেশ ও জলবায়ু কর্মী ফয়সাল বিশ্বাস বলেন, আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি। সেখানে অভিযুক্তদের নাম উল্লেখ করা হয়েছে। তদন্তের নামে যদি ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয় বা কাউকে দায়মুক্তি দেওয়া হয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করব।

তবে অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল আলিম বলেন, এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। একটি কুচক্রী মহল প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করতে শিক্ষার্থীদের উসকানি দিচ্ছে।

তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

×