জলবায়ু পরিবর্তনে নারী চ্যাম্পিয়নদের না বলা গল্প
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সূচনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সায়মা ওয়াজেদ-সংগৃহীত ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২১ | ০৮:৫৯ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২১ | ০৯:১৫
বার্ষিক গবেষণা সম্মেলন-২০২১ উপলক্ষে ইউএন উইমেন ও ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড ডেভেলপমেন্টের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘আনটোল্ড টেলস অব উইমেন চ্যাম্পিয়নস’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা। এতে জলবায়ু পরিবর্তনে ৬ নারী চ্যাম্পিয়নের গল্প তুলে ধরা হয়।
শনিবার অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সূচনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও জলবায়ু ঝুঁকি ফোরামের থিম্যাটিক রাষ্ট্রদূত সায়মা ওয়াজেদ।
সভায় বক্তব্য রাখেন-আইসিসিএসিএডি পরিচালক অধ্যাপক সালেমুল হক, সামাজকর্মী খুশি কবির, ইউসিএলের অধ্যাপক ড. মরিন ফোর্ডহ্যাম, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আশরাফুন্নাহার মিষ্টি, আফরোজা বেগম আল্পোনা, কুড়িগ্রাম সদরের ভাইস চেয়ারম্যান জান্নাতুল মাওয়া, সাতক্ষীরা থেকে বিন্দু নারী সংগঠনের নির্বাহী পরিচালক মাসুরা পারভিন, সাইক্লোন প্রস্তুতি কর্মসূচির সাতক্ষীরা ইউনিটের নেতা ফরিদা ইয়াসমিন, নারী অ্যাসোসিয়েশন ফর রিভাইভাল অ্যান্ড ইনিশিয়েটিভের নির্বাহী পরিচালক (কুড়িগ্রাম) লিপিকা রানী বৌরাগী ও মশাল পত্রিকার সাংবাদিক জাহিদা জাহান মৌ। আলোচনা সভা পরিচালনা করেন ইউএন উইমেন বাংলাদেশ কান্ট্রি অফিসের ইনচার্জ দিলরুবা হায়দার।
সভায় বক্তরা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, লিঙ্গ-ভিত্তিক বৈষম্যকে আরও বাড়িয়ে তুলছে। এটি নারীদের আরো বেশি ঝঁকির মুখে ফেলছে। বেশিরভাগ ক্ষেত্রে নারী ও মেয়েদের কেবল ‘ভিক্টিম’ হিসেবে চিহ্নিত করা হয়। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক পরিণতির বিরুদ্ধে লড়াইয়ে দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং কমিউনিটি রেসিলিয়েন্স তৈরিতে সক্রিয় জনগোষ্ঠী হিসেবে পুরুষকেই উপস্থাপন করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই নারীদের লড়াইয়ের চিত্র ফুটে উঠে না। তাই ইউএন উইমেন এই ভার্চুয়াল সংলাপের মাধ্যমে, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে নারীর শক্তি ও সাফল্য তুলে ধরার চেষ্টা করেছে।
এই ভার্চুয়াল আলোচনা সভায় গ্রামীণ থেকে শহুরে, স্থানীয় থেকে জাতীয়, আঞ্চলিক এবং বিশ্ব স্তরের জলবায়ু পরিবর্তন সংকটের বিরুদ্ধে লড়াইয়ে নারী নেত্রীদের একত্রিত করা হয়েছিল। তারা তাদের অনুপ্রেরণামূলক গল্পগুলো বলেন এবং এগিয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
আলোচনা সভায় তৃণমূলের নারী চ্যাম্পিয়নদের ছয়টি অজানা গল্প বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা এবং কুড়িগ্রাম অঞ্চল থেকে প্রকাশিত হয়েছিল। জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করার জন্য তারা ক্লাইমেট প্রোটেস্টর, প্রতিবেদক, দুর্যোগ প্রস্তুতি নেতা, মহিলা উদ্যোক্তা, সংস্কারক ইত্যাদি বহুমুখী ভূমিকা পালন করছেন। তাদের বক্তব্যে উঠে এসেছে, আমাদের সমাজে বিদ্যমান লিঙ্গ-বৈষম্য আমাদের তৈরি করা, এটি পূর্বনির্ধারিত ছিল না, সুতরাং নারী-পুরুষের ক্ষেত্রে কোনও অবিচার হওয়া উচিত নয়।
অংশগ্রহণকারীরা এবং আলোচকরা ভিডিও সিরিজ থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে একমত প্রকাশ করে বলেন, নারী যদি সমাজ থেকে যথাযথ সমর্থন না পান তবে উজ্জ্বল ভবিষ্যত এবং প্রতিভা থাকা সত্ত্বেও সে নিজেকে বিকশিত করতে পারে না। নারীদের বিকাশের জন্য প্রয়োজন একটি সক্ষম পরিবেশ। একজন নারীর বিকাশ মানে পরিবার, সমাজ এবং দেশের বিকাশ।
- বিষয় :
- জলবায়ু
- ইউএন উইমেন
- সায়মা ওয়াজেদ
