হলি আর্টিসানের রায় সন্ত্রাসীদের জন্য বার্তা: সিটিটিসি প্রধান
সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯ | ০৬:৩৩ | আপডেট: ২৭ নভেম্বর ২০১৯ | ০৭:০২
গুলশানের হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলা মামলার রায়কে সন্ত্রাসীদের জন্য বার্তা হিসেবে দেখছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম।
বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে হলি আর্টিসান মামলার রায় পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি বলেন, স্বল্প সময়ে একটি চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণার মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা বিশ্বে বিরল। এটি সন্ত্রাসীদের জন্য একটি বার্তা। বহির্বিশ্বে দেখা যায়, এসব ঘটনায় অপরাধীরা গ্রেফতার না হয়ে নিহত হয়। এখানে সিটিটিসি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রত্যেক অপরাধীকে খুঁজে বের করেছে। এটি ঢাকা মহানগর পুলিশ তথা বাংলাদেশ পুলিশের বড় সাফল্য।
ডিএমপির এই অতিরিক্ত কমিশনার বলেন, হলি আর্টিসানে হামলা ছাড়াও আরও হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের। তারা আরও হামলার পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের প্রস্তুতি নিয়েছিল। সিটিটিসি ২০১৬ সালের জুলাইয়ে কল্যাণপুরে জীবিত জঙ্গিকে গ্রেফতার করে এ মামলার মূল সূত্র খুঁজে পায়। ওই বছরের আগস্টে নারায়ণগঞ্জে জঙ্গিবিরোধী অভিযানে মাস্টারমাইন্ড তামিম চৌধুরী নিহত হয়। এছাড়াও বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযানে নব্য জেএমবির নেতৃত্বে আসা অনেকে নিহত হয় এবং অনেককে গ্রেফতার করা হয়। এর মধ্যে রূপনগরের অভিযানে একজন মাস্টার ট্রেইনার নিহত হয়।
মনিরুল ইসলাম বলেন, এই মামলার তদন্ত ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তখনও পুলিশের নতুন এই ইউনিটটি প্রযুক্তিগতভাবে ততোটা সক্ষমতা অর্জন করতে পারেনি। শুধু দেশপ্রেম, আন্তরিকতা, নিষ্ঠা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে এই চাঞ্চল্যকর মামলাটির তদন্ত শুরু করেছিল সিটিটিসি।
২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলায় বিদেশি নাগরিকসহ ২২ জন নিহত হয়। ওই বছরই গঠিত হয় সিটিটিসি।
বুধবার হলি আর্টিসানে হামলা মামলার রায় ঘোষণা করে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল। রায়ে আট আসামির মধ্যে সাতজনকে মৃত্যুদণ্ড এবং একজনে বেকসুর খালাস দেওয়া হয়।