ইউনেস্কো নির্বাহী পরিষদে বাংলাদেশ সহসভাপতি নির্বাচিত
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯ | ১২:৫২
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর সহসভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ইউনেস্কো সদর দপ্তরে নির্বাহী পরিষদের ২০৮তম সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশকে নির্বাচিত করা হয়েছে। আগামী দুই বছর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৪৪টি রাষ্ট্রসহ সব সদস্যরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ।
শুক্রবার রাতে ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস জানায়, ইউনেস্কোর নির্বাহী পরিষদের সভায় ৫৮ সদস্যরাষ্ট্রের মধ্য থেকে ইলেক্টোরাল গ্রুপ-৪ (এশিয়া ও প্রশান্ত) থেকে ইউনেস্কো নির্বাহী পরিষদের সহসভাপতি পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ২০১৭-২০২১ মেয়াদে ইউনেস্কোর এ পরিষদের নির্বাচিত সদস্য।
ইউনেস্কোর ৪০তম সাধারণ অধিবেশনে নবনির্বাচিত ২৯টি সদস্যরাষ্ট্রের সঙ্গে ২০১৭ সালে নির্বাচিত সমসংখ্যক সদস্যরাষ্ট্রের সমন্বয়ে পূর্ণাঙ্গ নির্বাহী পরিষদ গঠিত হয়। এ নির্বাহী পরিষদের ২০৮তম সভায় বাংলাদেশ ছাড়াও অন্যান্য গ্রুপ থেকে সুইজারল্যান্ড, রাশিয়া, সেন্ট লুসিয়া, ইথিওপিয়া ও মিসর সহসভাপতি নির্বাচিত হয়।