নাইকো মামলার শুনানি ফের পেছাল
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯ | ০৬:২৮
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাইকো দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের শুনানি ফের পিছিয়ে আগামী ৭ জানুয়ারি ধার্য করেছেন আদালত।
সোমবার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে মামলাটি চার্জ শুনানির জন্য ধার্য ছিল। তবে খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ। পরে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা চার্জ শুনানি পেছানোর আবেদন করলে বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে তা মঞ্জুর করে এ দিন ধার্য করেন। গত ১ এপ্রিল অসুস্থ খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেই থেকে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাটি তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে দুদক।