ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

রাবি ভিসির পদে থাকা নিয়ে রুল

রাবি ভিসির পদে থাকা নিয়ে রুল
×

উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯ | ০৯:৪২ | আপডেট: ০২ ডিসেম্বর ২০১৯ | ১০:২২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের পদে থাকার বৈধতা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

সোমবার একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। অধ্যাপক সোবহান মিথ্যা তথ্য দিয়ে পুনরায় উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন এবং স্বপদে বহাল আছেন দাবি করে রিটটি করেন রাবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক ছাত্র সালমান ফিরোজ ফয়সাল।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। তার সঙ্গে ছিলেন আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান।

শুনানি শেষে আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন সমকালকে বলেন, রাবির উপাচার্য কোন কর্তৃত্ব বলে পদে বহাল আছেন সেটি জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। আগামী ৪ সপ্তাহের মধ্যে রাবি উপাচার্য, রাষ্ট্রপতির সচিব, শিক্ষা সচিব ও রাবির রেজিস্ট্রারসহ আট বিবাদীকে রুলের জবাব দিতে বলেছেন আদালত।

তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ১১(২) ধারা অনুসারে ২০১৭ সালের ৭ মে অধ্যাপক এম. আব্দুস সোবহানকে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু ১১(২) ধারা অনুযায়ী, রাষ্ট্রপতি কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে উপাচার্য হিসেবে অস্থায়ীভাবে নিয়োগ দিতে পারেন। তবে স্থায়ী নিয়োগের সুযোগ নেই। চার বছরের জন্য নিয়োগ দিতে হলে ১১ (১) ধারা অনুসারে তিন সদস্যের প্যানেল থেকে একজনকে নিয়োগ দিতে হয়। তার ক্ষেত্রে এটা অনুসরণ করা হয়নি।

আরও পড়ুন

×