ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

সীমান্তে পুশইন নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে পুশইন নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৯ | ১০:০২ | আপডেট: ০১ মার্চ ২০২০ | ০৫:৪৪

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভারত সীমান্ত দিয়ে কিছু মানুষকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা হতে পারে। তবে সেটি নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। সীমান্তে বিজিবি সতর্ক রয়েছে। বাংলাদেশি ছাড়া কাউকে সীমান্ত দিয়ে দেশের মাটিতে প্রবেশ করতে দেওয়া হবে না।

মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'সীমান্তে পুশইনের বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। কোনওভাবেই বাংলাদেশি ছাড়া কাউকে দেশে ঢুকতে দেওয়া হবে না। তাছাড়া যাদের পুশইন করানো হচ্ছে, তারা বাংলাদেশের নাগরিক কি-না সুনিশ্চিত হতে হবে। যদি বাংলাদেশের নাগরিক হয়, তাহলে তাদের গ্রহণ করা হবে। অন্যথায় নয়।'

মন্ত্রী আরও বলেন, কিছু কিছু বাঙালি, তারা আদৌ বাংলাদেশি কি-না সেটি সঠিকভাবে এখনও নিশ্চিত নয়। কয়েক জায়গা থেকে বাঙালিদের দেশে ঢোকানোর চেষ্টা করলেও বিজিবি তাদের ঢুকতে দেয়নি। এদের সংখ্যা কয়েকশ। বিগত দিনে বিভিন্ন সময়ে পাঁচজন, ১০ জন কিংবা ২৫ জন, ৫০ জন করে তারা পুশইন করানোর চেষ্টা করেছে।

তিনি বলেন, আগে রোহিঙ্গাদেরও পুশইন করার প্রচেষ্টা নেওয়া হয়েছিল। রোহিঙ্গারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা দিয়ে ভারতে ঢুকে গিয়েছিল। তারা বাংলাদেশে চলে আসতে চেয়েছিল, কিন্তু তাদের ঢুকতে দেওয়া হয়নি। সীমান্তে বিজিবি সতর্ক রয়েছে।

তিনি বলেন, যদি হাজার হাজার বা শত শত হতো, তাহলে একটা আলোচনার ব্যবস্থা হতো। এটা অল্প কিছু সংখ্যক। ভারত সরকার এ বিষয়ে কোনো চিঠি দেয়নি।

জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুলশান হামলার আসামির আইএসের চিহ্ন সংবলিত টুপি পরা কোনো অ্যালার্মিং বিষয় নয়। একটা কাপড়, একটা টুপি মাথায় দিয়েছে। এতে অ্যালার্মিংয়ের বিষয় হতে পারে না। এগুলো সব হোমমেইড জঙ্গি।

টুপির উৎস জানা গেছে কি-না- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারা কর্তৃপক্ষ বলছে সেখান থেকে এমন কিছু আসেনি। পুলিশ বলছে, তারা এটা সাপ্লাই হতে দেখেনি। কাজেই কীভাবে এলো, তদন্তের বাইরে কিছু বলতে পারব না। পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন

×