ভার্চুয়াল আদালতে সাত দিনে ১৩ হাজার ৬০৭ আসামির জামিন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২১ | ০৯:৪৩
করোনা পরিস্থিতিতে গত সাত কার্যবিদসে ভার্চুয়াল শুনানিতে ১৩ হাজার ৬০৭ আসামিকে জামিন দিয়েছেন দেশের নিম্ন আদালত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের মুখপাত্র ব্যারিস্টার মুহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সীমিত পরিসরে সারাদেশে নিম্ন আদালতে ভার্চুয়াল শুনানিতে ২৩ হাজার ৭৮৪টি জামিন আবেদন নিষ্পত্তি হয়েছে এবং ১৩ হাজার ৬০৭ জন হাজতি জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন।
গত ১২ এপ্রিল থেকে পুনরায় দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতীব জরুরি ফৌজদারি আবেদনের ওপর শুনানি হচ্ছে।
ভার্চুয়াল শুনানিতে ১২ এপ্রিল এক হাজার ৬০৪ জন, ১৩ এপ্রিল তিন হাজার ২৪০ এবং ১৫ এপ্রিল দুই হাজার ৩৬০, ১৮ এপ্রিল এক হাজার ৮৪২, ১৯ এপ্রিল এক হাজার ৬৩৫, ২০ এপ্রিল এক হাজার ৫৭৬ ও ২১ এপ্রিল এক হাজার ৩৪৯ আসামিকে জামিন দিয়েছেন নিম্ন আদালত।
