ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

গণস্বাস্থ্য কেন্দ্রের আওলাদের বিরুদ্ধে 'ভুয়া' ওয়ারেন্ট তদন্তের নির্দেশ

গণস্বাস্থ্য কেন্দ্রের আওলাদের বিরুদ্ধে 'ভুয়া' ওয়ারেন্ট তদন্তের নির্দেশ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯ | ০১:০০ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯ | ০১:০১

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রোগ্রাম অফিসার আওলাদ হোসেনকে ভুয়া ওয়ারেন্টে ফাঁসানোর অভিযোগ তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ১৫ জানুয়ারি আদালতে তার উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন।  

রুলে আওলাদ হোসেনকে বেআইনিভাবে আটক রাখা হয়নি- এটা নিশ্চিত করতে তাকে কেন হাইকোর্টে হাজির করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আওলাদ হোসেনের বিরুদ্ধে একের পর এক গ্রেপ্তারি পরোয়ানা দেখিয়ে তাকে এক কারাগার থেকে আরেক কারাগারে স্থানান্তর এবং এক আদালত থেকে অন্য আদালতে হাজির করা হচ্ছে- এমন অভিযোগে তার স্ত্রী শাহনাজ পারভিন গত রোববার হাইকোর্টে রিটটি করেন। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন আইনজীবী এমাদুল হক বশির। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি আটর্নি জেনারেল অমিত তালুকদার।

আওলাদ হোসেন বর্তমানে একটি সিআর মামলায় শেরপুর কারাগারে আছেন বলে শুনানিতে জানান তার আইনজীবী। ওই মামলায় তার বিরুদ্ধে জারি করা ওয়ারেন্ট সঠিক কি না, তা যাচাই করে তাকে জামিন দিতে শেরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তার ক্ষেত্রে ইস্যু করা ওয়ারেন্ট  যাচাই করে তাকে মুক্তি দিতে বলা হয়। এছাড়া অপর কোনো মামলায় আওলাদের বিরুদ্ধে ইস্যু করা ওয়ারেন্ট যাচাই করে তাকে মুক্তি দিতে বলা হয়েছে কারা কর্তৃপক্ষকে। ১৫ জানুয়ারি এটি পরবর্তী শুনানির জন্য কার্যতালিকায় আসবে।

আরও পড়ুন

×