ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

মির্জা ফখরুলসহ বিএনপির ২৩ জনের আগাম জামিন

মির্জা ফখরুলসহ বিএনপির ২৩ জনের আগাম জামিন
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৯ | ০৬:১৩

সুপ্রিমকোর্ট এলাকায় তিন মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৩ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে জামিন চাইলে তাদের আট সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করা হয়। একইসঙ্গে এই সময়ের মধ্যে তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

ফখরুল ছাড়া অপর নেতারা হলেন- মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন, শিমুল বিশ্বাস, হাবীব উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল, ফজলুল হক মিলন, নিপুণ রায় চৌধুরী ও শাহ মো. আবু জাফর, শফিউল বারী বাবু, সুলতান সালাউদ্দিন টুকু, কাজী আবুল বাশার, খন্দকার আবু আশফাক ও ইশতিয়াক আজিজ উলফত প্রমুখ।

আদালতে আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তাদের সহায়তা করেন সগীর হোসেন লিয়ন, ব্যারিস্টার একেএম এহসানুর রহমান এবং তাহেরুল ইসলাম তৌহিদ।

গত ১১ ডিসেম্বর বিকেল সাড়ে চারটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওইদিন বিকেল সাড়ে ৪টা থেকে পৌনে ৫টার মধ্যে হাইকোর্টের মাজার গেট, ঈদগাহ মাঠ গেট ও মৎস ভবন সংলগ্ন বাংলাদেশ বার কাউন্সিলের গেটের সামনে পৃথক তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

এ ঘটনায় ওইদিনই মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৩৫ জনকে আসামি করে নাশকতার অভিযোগে শাহবাগ থানায় পৃথক দুইটি মামলা করা হয়। এক মামলায় আসামির সংখ্যা ৭০ এবং আরেকটিতে ৬৫ জন। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ছামসুল রহমান ও এসআই ইদ্রিস আলী বাদী হয়ে মামলা দুইটি করেন।



আরও পড়ুন

×