ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

অবৈধ লেভেল ক্রসিং বন্ধে নির্দেশনা কেন নয়: হাইকোর্ট

অবৈধ লেভেল ক্রসিং বন্ধে নির্দেশনা কেন নয়: হাইকোর্ট
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৯ | ০৮:৪৮

নিরাপদ রেল চলাচল নিশ্চিত করতে দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা অবৈধ লেভেল ক্রসিং বন্ধ এবং বৈধ লেভেল ক্রসিং চিহ্নিত করে ফেন্সিংয়ের (বেড়া) নির্দেশনা কেন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এসব বিষয়ে আগামী তিন মাসের মধ্যে অগ্রগতি জানাতে সংশ্নিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার রুলসহ এ আদেশ দেন। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্নিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

এর আগে ২৪ নভেম্বর এ রিট আবেদন করেন আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলী। রিট আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, রেল সচিব, স্থানীয় সরকার ও সড়ক সচিব, রেলের মহাপরিচালক ও পুলিশের মহাপরিদর্শককে বিবাদী করা হয়েছে।

একলাছ উদ্দিন ভূঁইয়া সাংবাদিকদের জানান, সারাদেশে এক হাজার ৪১২টি লেভেল ক্রসিং রয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) গবেষণা প্রতিষ্ঠানে এআরআইয়ের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে ২৩৫টি দুর্ঘটনায় ২৪৪ জন মারা গেছেন এবং ২২৮ জন আহত হয়েছেন। ২০১৭ সালে ২১১টি দুর্ঘটনায় ২২৯ জন মারা যান এবং ১৫৫ জন আহত হন। ২০১৬ সালে ৫৬টি দুর্ঘটনায় ৫৯ জন মারা যান এবং ৪৬ জন আহত হন।

তিনি বলেন, গত বছর আগস্ট মাসে বাংলাদেশ রেলওয়ে প্রকাশিত ডাটাবেস অনুযায়ী, সারাদেশে ৯৪৬টি লেভেল ক্রসিং অরক্ষিত অবস্থায় আছে। বাংলাদেশ রেলওয়ে আইন অনুযায়ী, রেলওয়ের নিরাপত্তার স্বার্থে ফেন্সিংয়ের ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। কিন্তু এত দুর্ঘটনার পরও সে ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

আরও পড়ুন

×