ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

পেট্রোবাংলা-বাপেক্সের কাজে অসন্তোষ প্রতিমন্ত্রীর

পেট্রোবাংলা-বাপেক্সের কাজে অসন্তোষ প্রতিমন্ত্রীর
×

রোববার রাজধানীর কাওরানবাজারের বাপেক্স ভবনে এক অনুষ্ঠানে যোগ দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৯ | ০৮:৪৮

পেট্রোবাংলা ও বাপেক্সের কাজে অসন্তোষ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, এ দুই সংস্থার বেশিরভাগ কর্মকর্তাই কাজে আগ্রহ দেখান না। সংস্থা থেকে বের হয়ে যাওয়ার পর তারা নানারকম উদ্ভাবনের কথা বলেন। বাপেক্স-পেট্রোবাংলার অক্ষমতার দায় সরকার নেবে না বলেও মন্তব্য করেন তিনি। রোববার রাজধানীর কাওরানবাজারের বাপেক্স ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে 'জিওলজিক্যাল ফিল্ড সার্ভে ফর হাইড্রো কার্বন এক্সপ্লোরেশন ইন বাংলাদেশ : প্রোগ্রেস অ্যান্ড চ্যালেঞ্জেস' এবং 'ড্রাই অ্যাবেন্ডেন্ট অ্যান্ড সাসপেন্ডেন্ট ওয়েলস অব বাংলাদেশ অ্যান্ড রি ভিজিট ফর ফারদার এক্সপ্লোরেশন' শীর্ষক দুটি প্রতিবেদন উপস্থাপন করেন যথাক্রমে বাপেক্সের মহাব্যবস্থাপক অহিদুল ইসলাম ও আলমগীর হোসেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার বাপেক্সেকে কাজ দিচ্ছে না এমন প্রশ্ন তোলেন অনেকে। আসলে সরকার তো বাপেক্সকে পুরো দেশ দিয়ে দিয়েছে। কিন্তু তাদের কাজের গতি কম। তিনি বলেন, আগে বাপেক্স অনেক বড় বড় কাজ করেছে। কিন্তু এখনকার অবস্থা ভালো নয়। এভাবে চলতে দেওয়া যায় না। পেট্রোবাংলার অবস্থাও একই। ফলপ্রসূ কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। 

এ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের অক্ষমতার দায় সরকার নেবে না। আমরা আপনাদের কাজের মূল্যায়ন করব। না হলে অন্য চিন্তা করব।

নসরুল হামিদ বলেন, স্থলভাগে গ্যাসের অনুসন্ধান কার্যক্রম বাড়াতে চাই। পেট্রোবাংলার কাজ হচ্ছে বাপেক্সকে অত্যাধুনিক প্রযুক্তি ও পরামর্শ দিয়ে সহযোগিতা করা। কাজ তো বাপেক্সকেই করতে হবে। চুপচাপ বসে থাকলে চলবে না। বিদেশ থেকে বেশি দামে গ্যাস আনার চেয়ে নিজেদের গ্যাস ব্যবহার করতে অনুসন্ধান জরুরি। গ্যাসের চাহিদা বাড়ছে। এ চাহিদা পূরণে বাধ্য হয়ে বিদেশ থেকে বেশি দামে গ্যাস আনতে হচ্ছে।

জ্বালানি বিশেষজ্ঞ ড. বদরুল ইমাম বলেন, পার্বত্য অঞ্চলে গ্যাসের কোনো অনুসন্ধান হয়নি। সেখানে সম্ভাবনা রয়েছে। চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে পেট্রোবাংলা ও বাপেক্সকে মাথা ঝাড়া দিয়ে উঠে দাঁড়াতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জ্বালানি সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মীর মো. আবদুল হান্নান প্রমুখ।

আরও পড়ুন

×