ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

নানা আয়োজনে ঢাবিতে বিজয় দিবস উদযাপন

নানা আয়োজনে ঢাবিতে বিজয় দিবস উদযাপন
×

ফাইল ছবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৯ | ১৩:৩১

নানা আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। এ উপলক্ষে সোমবার কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ডাকসুসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। সকাল সোয়া ৬টায় বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অপরাজেয় বাংলার পাদদেশে জমায়েত হন। সেখান থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের উদ্দেশে যাত্রা করেন তারা। এরপর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে সংগীতানুষ্ঠান ও টিএসসি মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং আবাসিক হলগুলোতে চলে শহীদ বুদ্ধিজীবী ও মহান স্বাধীনতা যুদ্ধের চিত্র, চলচ্চিত্র ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী। এ ছাড়া বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ বিভিন্ন হল, মসজিদ ও উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের সমৃদ্ধি ও উন্নতির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উদ্যোগে টিএসসির করিডোরে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।

বিজয় কনসার্ট: মহান মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল ভূমিকা এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুজ্জ্বল রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ও ডাকসুর সহযোগিতায় বিজয় কনসার্টের আয়োজন করা হয়। 'গৌরবময় বিজয়ের ৪৮ বছর' শিরোনামে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে দুপুরে এটি শুরু হয়। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শিক্ষক ও বাংলাদেশ পুলিশের শহীদ মুক্তিযোদ্ধাদের মরণোত্তর সম্মাননা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতান শিল্পী মমতাজ বেগম, জেমস ও তার ব্যান্ড নগর বাউল, চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমি প্রমুখ। বিজয়ের গান পরিবেশন করেন ফকির আলমগীর। এ ছাড়া এতে ছিল পুলিশ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এবং পুলিশের আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।

আরও পড়ুন

×