ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

কলকাতায় বিশ্ব সিলেট উৎসব

শ্রীভূমি থেকে বিশ্বমানবতার ডাক দিয়েছিলেন রবীন্দ্রনাথ

শ্রীভূমি থেকে বিশ্বমানবতার ডাক দিয়েছিলেন রবীন্দ্রনাথ
×

আলোচনা সভায় অতিথিরা- সমকাল

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৯ | ০৯:৫৬ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯ | ১২:৩৯

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও সিলেটের সম্পর্ক অতি নিবিড়। যেন আত্মার আত্মীয়। মানবতার শ্রীভূমি সিলেট থেকে বিশ্বমানবতারও ডাক দিয়েছিলেন তিনি।

কলকাতায় তিন দিনব্যাপী বিশ্ব সিলেট উৎসবের দ্বিতীয় দিন শনিবার 'বিশ্বকবি রবীন্দ্রনাথের সিলেট আগমনের শতবর্ষ প্রেক্ষাপট' শীর্ষক আলোচনায় এসব কথা বলেন বক্তারা।

এ দিনের আলোচনায় উপস্থিত ছিলেন বাংলাদেশের অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী, ভারতের আসাম রাজ্যের অধ্যাপক অমলেন্দু চক্রবর্তী, কলকাতার অধ্যাপক সুমহান বন্দ্যোপাধ্যায়, সিলেটের অধ্যাপক জফির সেতু, দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি প্রমুখ।

রবীন্দ্রনাথ ও সিলেট প্রসঙ্গে অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী বলেন, রবীন্দ্রনাথ ও সিলেট অঙ্গাঙ্গিভাবে জড়িত। এ প্রজন্ম রবীন্দ্রনাথ দ্বারা প্রভাবিত না হলে, উচ্ছ্বসিত না হলে এ ধরনের আলোচনা সভা করা সম্ভব হতো না। এ উৎসব সবাইকে প্রভাবিত করবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি

অধ্যাপক জফির সেতু বলেন, সিলেটের সঙ্গে রবীন্দ্রনাথের বিশেষ সম্পর্ক। বাংলা ভাষা চর্চার আকাঙ্ক্ষা এসেছে রবীন্দ্র-চর্চা থেকে। সিলেটের কথা তার কবিতায় বারবার পাওয়া গেছে। তাকে নিয়ে অনেক সমালোচনাও হয়েছে বিভিন্ন সময়ে। তার পরও তিনি কখনও দমে যাননি।

অধ্যাপক অমলেন্দু চক্রবর্তী বলেন, রবীন্দ্রনাথের কবিতা ও লেখায় অদ্ভুতভাবে সিলেটের সংস্কৃতির ছাপ পাওয়া যায়। সুফি ও বৈষ্ণব ধর্মের নির্যাসের ছাপ পাওয়া যায়। তাই রবীন্দ্রনাথ সিলেটের অহঙ্কার। তাকে ছাড়া সিলেটবাসী কিছু ভাবতে পারে না।

অধ্যাপক সুমহান বন্দ্যোপাধ্যায় বলেন, মানবতার শ্রীভূমি থেকে রবীন্দ্রনাথ বিশ্ব মানবতার ডাক দিয়েছিলেন। তিনি সিলেটকে বুকে জড়িয়ে ধরেছিলেন।

সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি বলেন, রবীন্দ্রনাথ নিয়ে আলাদা করে আলোচনার অপেক্ষা রাখে না। তিনি আমাদের জীবনে স্বপ্ন দেখার জায়গা দিয়েছেন। আমরা তাকে আপন বক্ষে ধারণ করেছি। তাকে হৃদয় থেকে বের করা অসম্ভব। তার দর্শন চিরকাল বাঙালির মনে বিদ্যমান থাকবে। বাঙালি ও বাংলা ভাষা যতদিন থাকবে, রবীন্দ্রনাথ ততদিন থাকবেন।

এদিন আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডা. জিয়াউদ্দিন আহমেদ। সঞ্চালনা করেন সাংবাদিক রক্তিম দাশ।

আরও পড়ুন

×