শুরু হচ্ছে আমা কফি ক্যাম্পাস ফুটসাল, মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয়
ছবি: আয়োজকদের সৌজন্যে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬ | ১৪:০৪ | আপডেট: ২১ জুন ২০২৬ | ১৫:৩১
দেশের অন্যতম বৃহৎ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল টুর্নামেন্ট ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল ২০২৬’ (AMA Coffee Campus Futsal 2026)-এর ফিক্সচার রিভিল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার আয়োজিত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের নকআউট ম্যাচগুলোর সূচি চূড়ান্ত করা হয়। আগামী ২৮ জুন থেকে শুরু হতে যাওয়া এই আসর ঘিরে শিক্ষার্থীদের মাঝে ইতোমধ্যে উন্মাদনা তৈরি হয়েছে।
টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর মধ্যে নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে মোট ১৬টি ম্যাচ। ম্যাচগুলো আগামী ২৮, ২৯ ও ৩০ জুন মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ফিক্সচার রিভিল অনুষ্ঠানের আগে গত কয়েক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস ট্যুর, জার্সি রিভিল ও ট্রফি ট্যুর আয়োজন করা হয়, যার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে টুর্নামেন্ট নিয়ে তৈরি হয় ব্যাপক উন্মাদনা। আজকের ফিক্সচার রিভিল অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই পুরো প্রচারণা ক্যাম্পেইনের সমাপ্তি ঘটল এবং একই সঙ্গে শুরু হলো মূল লড়াইয়ের প্রথম ধাপ।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ টাকা প্রাইজমানি, রানার্সআপ পাবে ২ লাখ টাকা এবং দুই সেমিফাইনালিস্ট দল পাবে ১ লাখ টাকা করে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে জিটিভিতে; ফলে সারাদেশের দর্শকরাও উপভোগ করতে পারবেন ক্যাম্পাস ফুটসালের এই উন্মাদনা।
ফিক্সচার রিভিল অনুষ্ঠানে লটারি পদ্ধতিতে নির্ধারণ করা হয় প্রথম রাউন্ডের প্রতিপক্ষ। জারে রাখা ৩২টি দলের নাম থেকে পর্যায়ক্রমে দুটি করে নাম তুলে একটি করে ম্যাচ চূড়ান্ত করা হয় এবং প্রতিটি ফলাফল সঙ্গে সঙ্গে স্ক্রিন ও বোর্ডে প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-র প্রতিনিধি, টুর্নামেন্ট কর্মকর্তা, ম্যাচ অফিশিয়াল এবং অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর টিম ক্যাপ্টেন ও প্রতিনিধিরা। অনুষ্ঠান শেষে আয়োজিত হয় প্রশ্নোত্তর পর্ব, যেখানে দলগুলো ম্যাচসূচি, নিয়মকানুন ও পরবর্তী প্রস্তুতি নিয়ে কর্মকর্তাদের কাছে জানতে চান। পরে দলভিত্তিক ও যৌথ গ্রুপ ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- বিশ্ববিদ্যালয়
- কফি
- ফুটবল টুর্নামেন্ট
